সাবলীল অভিনয় আর ভিন্নধর্মী গল্পের নাটকে নিয়মিত দর্শকের মন জয় করে চলেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। সম্প্রতি তার অভিনীত ‘সন্তান’ নাটকটি অল্প কয়েক দিনেই ছুঁয়েছে ৭ মিলিয়ন ভিউয়ের মাইলফলক। অভিনেতার সঙ্গে কথা বলেছেন ইব্রাহীম জাহিদ।
ঢাকা পোস্ট: অল্প সময়েই ৭০ লাখ ভিউ ছাড়িয়েছে আপনার অভিনীত নাটক ‘সন্তান’। দর্শকের এই অসামান্য সাড়ার বিপরীতে কী বলবেন?
ইরফান সাজ্জাদ: প্রথমত, দর্শকদের ধন্যবাদ দিতে চাই। তারা যেভাবে ভালো গল্পের কাজগুলোকে মূল্যায়ন করছেন, এটা আমাদের জন্য খুবই স্বস্তির বিষয়। একটা সময় দেখা যেত, আমরা একটু ভিন্নধর্মী গল্পে কাজ করতে চাইতাম, কিন্তু সেসব কাজ দর্শক দেখতেন না। ফলে প্রযোজকেরাও প্রত্যাশিত ভিউ পেতেন না। ব্যবসায়িক দিক বিবেচনায় অনেক সময় এ ধরনের কাজ করতে চাইতেন না তারা। তবে ইদানীং পরিবারনির্ভর গল্প, সম্পর্কের টানাপোড়েন কিংবা পরিণত গল্পের কাজও দর্শক গ্রহণ করছেন। আমাদের জন্য এটা যথেষ্ট ইতিবাচক। এ জন্য দর্শকদের প্রতি আমার অনেক কৃতজ্ঞতা।
ঢাকা পোস্ট: ‘সন্তান’ নাটকের মূল বার্তা কী, যা দর্শককে আকৃষ্ট করছে বলে মনে করেন?
ইরফান সাজ্জাদ: নাটকটি দেখলে মূল বার্তাটি বুঝতে পারবেন। আসলে এখানে মানুষের জীবনে সম্পদ বা সম্পত্তিই যে সবচেয়ে বড় বিষয় নয়, সেটি তুলে ধরা হয়েছে। মানুষের অভ্যন্তরীণ সম্পর্কই তার জীবনকে, পুরো জীবনযাপনকে নিয়ন্ত্রণ করে। আমাদের যত সম্পদই থাকুক না কেন, সেগুলো দিয়ে জীবনকে পরিমাপ করা উচিত নয়। আমার কাছে এটাই নাটকটির মূল বার্তা।
সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত। তার জন্যই আমাদের এই ছুটে চলা। চেষ্টা করি সময় দিতে। আমি খুবই পরিবারকেন্দ্রিক মানুষ। সময় পেলেই বাবুকে যথেষ্ট সময় দিই।

ঢাকা পোস্ট: নাটকের নাম ‘সন্তান’। বাস্তব জীবনে আপনার সন্তান কেমন আছে? শুটিংয়ের এত ব্যস্ততার ফাঁকে তাকে ঠিকঠাক সময় দিতে পারেন?
ইরফান সাজ্জাদ: সত্যি বলতে, সব সময় ঠিকঠাক সময় দেওয়া হয় না। তবে চেষ্টা করি। সন্তানের জন্যই তো এত পরিশ্রম করছি। সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত। তার জন্যই আমাদের এই ছুটে চলা। চেষ্টা করি সময় দিতে। আমি খুবই পরিবারকেন্দ্রিক মানুষ। সময় পেলেই বাবুকে যথেষ্ট সময় দিই। আপনি যখন ফোন দিয়েছেন, তখনও বাসার কাজ করছিলাম। বিভিন্ন কাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এই আরকি।
ঢাকা পোস্ট: ‘সন্তান’ নাটকে কিংবদন্তি অভিনেতা আবুল হায়াতও অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করার বিষয়ে আপনার মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গিয়েছিল...
ইরফান সাজ্জাদ: আবুল হায়াত সব সময়ই আমার কাছে একজন আদর্শের মতো। আলহামদুলিল্লাহ, এখন তার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনি যথেষ্ট অমায়িক একজন মানুষ। তার কাছ থেকে প্রতিনিয়ত শিখি। এত অভিজ্ঞ একজন মানুষ, অথচ এখনো কোনো রকম রাগ-বিরক্তি ছাড়াই কাজের প্রতি দারুণ নিবেদিত। তিনি আমাকে খুব ভালোবাসেন, আমিও তাকে খুব ভালোবাসি। সবসময় তার সুস্থতা কামনা করি।

ঢাকা পোস্ট: একই দিনে আপনার অভিনীত আরও একটি নাটক ‘প্রথম দেখার পর’ মুক্তি পেয়েছে। সেটি থেকে কেমন সাড়া পাচ্ছেন?
ইরফান সাজ্জাদ: একই দিনে দুটি নাটক দুটি ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। প্রতিটি প্ল্যাটফর্মের দর্শকগোষ্ঠী ও দর্শকপ্রাপ্তির ধরন আলাদা। ‘জি সিরিজ’-এর দর্শকপ্রাপ্তি কিছুটা ধীর। তবে ‘প্রথম দেখার পর’ নাটকটি নির্মাতা চয়নিকা চৌধুরীর কাজের ২৫ বছর পূর্তি উপলক্ষে নির্মিত। এই উপলক্ষে এটি আমার তৃতীয় নাটক। এর আগে আরও দুটি নাটক মুক্তি পেয়েছিল, সেগুলোও দারুণ সাড়া পেয়েছে। চ্যানেল অনুযায়ী ‘প্রথম দেখার পর’ নাটকটিও বেশ ভালো সাড়া পাচ্ছে। এটা আমার জন্য বেশ ইতিবাচক। আলহামদুলিল্লাহ, মানুষ আমার নাটক দেখছেন, এতে আমি খুব খুশি।
ঢাকা পোস্ট: ‘সন্তান’ ও ‘প্রথম দেখার পর’ দুটি নাটকে আপনার দুটি ভিন্ন চরিত্র। চরিত্রগুলো নিয়ে কিছু বলবেন?
ইরফান সাজ্জাদ: চরিত্র নিয়ে নতুন করে বলার তেমন কিছু নেই। একটি একক নাটকে একটি চরিত্র থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমি চেষ্টা করি ভিন্ন ভিন্ন চরিত্রের মাধ্যমে দর্শকের সামনে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। প্রতিটি কাজেই নতুনভাবে নিজেকে মেলে ধরার চেষ্টা থাকে।

ঢাকা পোস্ট: দর্শকের কাছ থেকে ভালোবাসা পাচ্ছেন। আবার সিনিয়র নির্মাতা ও শিল্পীরাও আপনার কাজের প্রশংসা করছেন। এসব প্রতিক্রিয়া আপনার মধ্যে কেমন প্রভাব ফেলে?
ইরফান সাজ্জাদ: অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলে। কাজ করার পর মানুষের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়া, এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। এই প্রশংসা নতুন ও ভালো কাজ করার জন্য অনুপ্রেরণা জোগায়। আমার চেষ্টা থাকে ভালো কিছু করার, দর্শকের কাছাকাছি থাকার এবং ভালো পরিচালকদের সঙ্গে কাজ করার।
ঢাকা পোস্ট: কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। নতুন সিনেমার খবর কী?
ইরফান সাজ্জাদ: নতুন সিনেমার বিষয়ে এখনই বলার মতো নির্দিষ্ট কোনো খবর নেই।
ঢাকা পোস্ট: ‘ফুটবল ৭১’-এ অভিনয় করেছেন। সিনেমাটির মুক্তি নিয়ে কোনো আপডেট আছে?
ইরফান সাজ্জাদ: হ্যাঁ, সিনেমাটি এ বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে এখনো নিশ্চিত নয়, ডিসেম্বর নাকি আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে। দেখা যাক।