গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করেছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল আলম চৌহান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিনি বলেন, “বর্তমান আন্দোলন আর সাধারণ শ্রমিকদের কোনো আন্দোলন নয়, এটি মূলত একটি সন্ত্রাসী কর্মকাণ্ডে রূপ নিয়েছে। ”
তাহেরুল আলম চৌহান বলেন, জনজীবন বিপর্যস্ত করা এবং মানুষের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি করাই আন্দোলনকারীদের মূল উদ্দেশ্য। আগের মতো ফ্যাসিস্ট শক্তিগুলো আবারও পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুরের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যাচ্ছেন। শ্রমিকরাও নিয়মিত কারখানায় কাজ করছেন। জনশৃঙ্খলা বজায় রাখা ও মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে প্রতিটি কারখানার ফটকে পুলিশ পাহারা দেওয়া সম্ভব নয়।তিনি আরও বলেন, গত কয়েক দিনে পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ধরনের কর্মকাণ্ড কোনো গণতান্ত্রিক বা স্বাভাবিক আন্দোলনের অংশ হতে পারে না।
জনশৃঙ্খলা রক্ষা, আইনগত ব্যবস্থা গ্রহণ এবং যেকোনো বেআইনি কর্মকাণ্ড প্রতিহত করা পুলিশের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব বলেও জানান তিনি।
শীর্ষনিউজ