Image description
 
 

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের একসময়ের দাপুটে অভিনেতা সমু চৌধুরী বর্তমানে কঠিন মানসিক অসুস্থতার মধ্য দিয়ে দিন পার করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কিছু ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। অবশেষে এই অভিনেতার পাশে এসে দাঁড়িয়েছে শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমু চৌধুরীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিচ্ছে তারা।

গত কিছুদিন ধরে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া অসংখ্য ভিডিওতে সমু চৌধুরীকে ভবঘুরের বেশে ও অস্বাভাবিক অবস্থায় ঘুরতে দেখা গেছে। কখনো বাজারের ভিড়ে, কখনো মাজারে আবার কখনো গানের আসরে তাঁর অসংলগ্ন উপস্থিতির ভিডিও ফেসবুকে ও ইউটিউবে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে বিনোদন বা ব্লগের উপাদান হিসেবে ব্যবহার করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল ও তাঁর সহকর্মীরা।

পরিবার সূত্রে জানা গেছে, আর্থিক অনটন এবং অর্থের অভাবেই এই গুণী অভিনেতার উপযুক্ত চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না। সম্প্রতি অভিনেতার মা জয়নব চৌধুরী সংবাদমাধ্যমে তাঁর অসুস্থতা ও অসহায়ত্বের কথা প্রকাশ করেন।

সমু চৌধুরীর এমন দুর্দিনে তাঁর পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে অভিনয়শিল্পী সংঘ। সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু গণমাধ্যমকে জানান, পরিবারের অনুমতি সাপেক্ষে তাঁরা চিকিৎসার সমস্ত প্রক্রিয়া শুরু করেছেন।

রাশেদ মামুন অপু বলেন, “সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত ছিলাম। কেবল তাঁর পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আমরা গতকাল তাঁর পরিবারের সম্মতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়ে গেছে। তাঁর পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে এবং সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।”

অভিনয়শিল্পী সংঘ জানিয়েছে, তারা প্রথম থেকেই সমু চৌধুরীর অসুস্থতার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে যখন তাঁর একটি অসংলগ্ন ভিডিও ভাইরাল হয়েছিল, তখনো সংগঠনের পক্ষ থেকে তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সে সময়ও চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের অনিচ্ছার কারণে তা সম্ভব হয়নি। তবে এবার পরিবারের পূর্ণ সম্মতি পাওয়ায় দ্রুত তাঁকে উন্নত চিকিৎসার আওতায় আনা হচ্ছে।