Image description

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

 

পুলিশ সূত্র জানায়, গুলির ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতরে ছিলেন না। দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনার সঙ্গে তার ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সেটি নিয়েও কাজ করছে পুলিশ।

 

এ বিষয়ে আসিফ আকবরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, গুলির ঘটনার পর পুলিশ এ বিষয়ে কাজ করছে। এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত করে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

 

সংগীতাঙ্গনের পাশাপাশি ক্রিকেট অঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। ২০২৫ সালের ১ অক্টোবর বিসিবির পরিচালক হিসেবে তিনি দায়িত্ব নেন। চট্টগ্রাম বিভাগ থেকে কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হন তিনি।

 

চলতি বছরের ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের সভায় গেম ডেভেলমেন্টের দায়িত্ব পান। বর্তমানে আসিফ আকবর বিসিবির সব ধরনের পদ থেকে অবসর নিয়েছেন।