বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন ও সংস্কৃতি অঙ্গনের তারকাদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। আয়োজকদের প্রকাশিত পোস্টার ও অফিসিয়াল ওয়েবসাইটে অনুষ্ঠানে বাংলাদেশের বিনোদন অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতির তথ্য দেওয়া হয়েছে।
এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক মেগা স্টার শাকিব খান। তার সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকার তালিকায় রয়েছেন চঞ্চল চৌধুরী, নিরব, শিরীন শিলা, স্পর্শিয়া, দীঘি, তমা মির্জা, সাইমন সাদিক, এস আই টুটুল, রিজিয়া পারভীনসহ আরও অনেকে। এবারের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত শিল্পীদের মধ্যে এ্যামন, লুইপা, মাহিয়া মাহি, নিবির, জলি, মিথিলা, জোভান, অমিত হাসান ও মিষ্টি জান্নাতের নামও রয়েছে।
শুধু অভিনয় শিল্পীদের উপস্থিতিই নয়, এবারের অনুষ্ঠানে থাকছে সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা। পোস্টারে জানানো হয়েছে, চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন, সংস্কৃতি ও বিনোদন- বিভিন্ন অঙ্গনে অবদান রাখা ব্যক্তিদের নিয়ে সাজানো হবে আয়োজন। কারা সম্মাননা পাবেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এবারের ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এর প্রধান অতিথি হিসেবে থাকছেন শাহ নেওয়াজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন ফারিদুর রেজা সাগর, কণা রেজা, আফজাল হোসেন এবং ড. মোহাম্মদ এনামুল হক। সম্মানিত অতিথিদের তালিকায় রয়েছেন নাহিদ নওরীন জাহান ও ফারজানা রশীদ ব্রাউনিয়া।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। পোস্টারে তাকে ‘মাস্টার অব দ্য সেরেমনি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আয়োজক হিসেবে রয়েছে ‘শো টাইম মিউজিক অ্যান্ড প্লে’। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট খাইরুল ইসলাম খোকন এবং ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির নামও পোস্টারে উল্লেখ রয়েছে।
নিউইয়র্কের ৩৯২০, ২৭থ স্ট্রিটের ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের আসর। ১০ অক্টোবরের এই আয়োজনের টিকিট বিক্রি হচ্ছে ইভেন্টব্রাইটের মাধ্যমে।
ঢালিউড অ্যাওয়ার্ডের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীর। এর আগে একাধিকবার এ আয়োজনে অংশ নিয়েছেন তিনি। অন্যদিকে সংগীতশিল্পী রিজিয়া পারভীনও এবারের মঞ্চে গান পরিবেশন করবেন বলে জানা গেছে।
দীর্ঘ বিরতির পর এবারের আয়োজনে শাকিব খানের উপস্থিতিই বিশেষভাবে আলোচনায় এসেছে। ফলে নিউইয়র্কে বসতে যাওয়া ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ ঘিরে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশের বিনোদনপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।