Image description
লালগালিচায় সবার নজর তখন তার দিকেই। পরনে ঐতিহ্যবাহী শাড়ি, মুখে মিষ্টি হাসি হঠাৎ নিজের বেবি বাম্প প্রকাশ্যে এনে যেন আনন্দের খবরটাই জানিয়ে দিলেন মাহিরা খান। পাকিস্তানি এই জনপ্রিয় অভিনেত্রী জানালেন, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন তিনি।
 
সদ্য শুরু হওয়া টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে উপস্থিত হয়ে সন্তান আগমনের সুখবর দেন ৪১ বছর বয়সি মাহিরা। আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবে প্রথমবার অংশ নিয়েই আলোচনায় আসেন অভিনেত্রী। তবে এবার তার সাজের চেয়েও বেশি নজর কাড়ে জীবনের নতুন অধ্যায়ের ঘোষণা।
 
উৎসবে ঐতিহ্যবাহী শাড়ি পরে আলোকচিত্রীদের সামনে দাঁড়ান মাহিরা। সেখানেই গর্বের সঙ্গে নিজের বেবি বাম্প প্রদর্শন করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও মাতৃত্বকালীন ফটোশুটের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।
 
ছবিতে লম্বা ও ঢিলেঢালা সাদা ফুলহাতা গাউনে দেখা যায় তাকে। ছবিগুলোর সঙ্গে মাহিরা লেখেন, “আমরা পরিকল্পনা করি, আর তারপর থাকে আল্লাহর পরিকল্পনা।”
 
এই একটি বাক্যেই যেন নিজের আনন্দ, বিশ্বাস আর জীবনের নতুন অধ্যায়ের কথা জানিয়ে দিলেন অভিনেত্রী। খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন মাহিরা। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষীরা তাকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছেন।
 
মাহিরার ব্যক্তিজীবনে এটি দ্বিতীয়বার মা হওয়ার অভিজ্ঞতা। প্রথম স্বামী আলী আসকারির সঙ্গে সংসারে তার ১৭ বছর বয়সি ছেলে আজলান রয়েছে। ২০০৭ সালে আলী আসকারিকে বিয়ে করেছিলেন মাহিরা। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।
 
এরপর ২০২৩ সালের অক্টোবরে পাকিস্তানের ভুরবানে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের প্রায় তিন বছর পর এই দম্পতির ঘরে আসতে চলেছে নতুন অতিথি।
 
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব ও জনপ্রিয়তার কারণেও পাকিস্তানি বিনোদন অঙ্গনে আলাদা জায়গা করে নিয়েছেন মাহিরা। ২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ভারতীয় দর্শকদের কাছেও ব্যাপক পরিচিতি পান তিনি।
 
‘হামসাফার’, ‘সাদকায় তুমহারে’, ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’ ও ‘সুপারস্টার’-এর মতো সিনেমা ও নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
 
এবার অভিনয়ের বাইরেও মাহিরার জীবনে শুরু হতে যাচ্ছে নতুন এক গল্প মাতৃত্বের গল্প। আর সেই আনন্দের খবরই নিজের মতো করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তিনি।