চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডন জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এসব তথ্য যাচাই-বাছাই করছে তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ বুধবার ডনের রিমান্ড শেষে তাকে কারাগারে আটক রাখার আবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।
পুলিশ হেফাজত থেকে ডনকে এদিন আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে ডন তাদেরকে চেনেন বলে স্বীকার করলেও
অনেক তথ্য গোপন করছেন। মামলার ভিকটিম সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে একত্রে চলাফেরা করার কারণে তার সব তথ্য সম্পর্কে জানার কথা।
সিআইডির দাবি, সালমান শাহর মৃত্যুর বিষয় ও মামলার ঘটনা সংক্রান্তে ডনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অত্যন্ত কৌশলে কথা বলেন। তবে মামলার ঘটনার পূর্বে, পরে ও ঘটনার সময় আসামির আচার-আচরণে, চালচলনে মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণে পাওয়া যাচ্ছে। যেহেতু মামলার ঘটনাটি অত্যন্ত আলোচিত ও চাঞ্চলকর ঘটনা। সেহেতু মামলা সংক্রান্তে পাওয়া সকল তথ্য যাচাই করা হচ্ছে। আসামি অত্যন্ত চতুর ও দুর্দান্ত প্রকৃতির লোক হওয়ায় মামলার ঘটনার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। এজন্য মামলা তদন্তের স্বার্থে প্রয়োজনে আসামিকে পুনরায় আদালতের অনুমতি সাপেক্ষে জিজ্ঞাসাবাদ করা হবে। তাই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা প্রয়োজন।
এই আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আসামি ডনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসামি ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় গত ২০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। গত ২৭ আগস্ট জিজ্ঞাসাবাদে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ২০ অক্টোবর সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এই নির্দেশের পর ওইদিন মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক স্ত্রী সামীরা হক ও খলনায়ক ডনসহ ১১ জনকে আসামি করা হয়।