Image description

পাকিস্তানের বিনোদন অঙ্গনে নারীদের চেহারা, চুল, নাক, ওজন, পোশাক কিংবা প্লাস্টিক সার্জারি নিয়ে মন্তব্য নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়েও সমালোচনা হচ্ছে অহরহ। নারীর শরীর নিয়ে মানুষের অবলীলায় মন্তব্য করার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি অভিনেত্রী ও চিত্রশিল্পী নাইমাল খাওয়ার।

অভিনয়ের পাশাপাশি চিত্রশিল্প ও ভিজ্যুয়াল আর্টেও পারদর্শী নাইমাল। সম্প্রতি নিজের ওজন নিয়ে করা একটি পোস্ট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে নাইমাল প্রশ্ন তুলেছেন, ‌‘নারীর শরীর নিয়ে মন্তব্য করাকে মানুষ কেন এতটা স্বাভাবিক ও অধিকার বলে মনে করে।’ বিতর্কিত ওই পোস্টটিতে দাবি করা হয়েছিল, একটি বিয়ের অনুষ্ঠানে নাইমালকে ‘চেনাই যাচ্ছিল না’। পাশাপাশি তিনি অন্তঃসত্ত্বা কি না, কেউ কেউ এমন সন্দেহও প্রকাশ করে।

ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘আনা’ তারকা নাইমাল তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। তিনি লেখেন, ‘নারীর শরীর নিয়ে মানুষের বিরূপ মন্তব্য বিস্ময়কর ও দুঃখজনক।’

 

তিনি আরও বলেন, কোনো নারীই এমন অবমাননাকর মন্তব্য করার অধিকার অন্যদের দেননি। শরীর নিয়ে মন্তব্য করার এই প্রবণতাকে তিনি ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেন এবং একে ‘পাবলিক এন্টারটেইনমেন্ট’ হিসেবে উপস্থাপন বন্ধ করার আহ্বান জানান।

উল্লেখ্য, অভিনেতা হামজা আব্বাসির সঙ্গে বিবাহিত নাইমাল ২০২০ সালে একটি পুত্রসন্তানের জন্ম দেন। এর আগে তিনি প্রসব-পরবর্তী মানসিক বিষণ্নতার অভিজ্ঞতা নিয়েও প্রকাশ্যে কথা বলেছেন। এ কারণে প্রায় তিন বছর তিনি ছবি আঁকতে পারেননি বলেও জানিয়েছিলেন।

 

সূত্র: দ্য ডন