Image description

অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংক এর ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পদে দায়িত্ব পালন করছেন তিনি।

 

নতুন পেশায় যুক্ত হওয়ার বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তমা। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনের একটা নতুন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তার আগে বলে রাখি- অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালো লাগার জায়গা। এখানেই আমি আছি, থাকবো এবং সামনে আরো কাজ করব ইনশাআল্লাহ।’

 

নতুন পেশা প্রসঙ্গে তমা লিখেছেন, ‘অভিনয় জীবনের বাইরে একটি নতুন পরিচয় সম্প্রতি যোগ হয়েছে আমার জীবনে। আর তা হলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক এবি ব্যাংক এর ব্র্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে যোগদান করেছি। এখন থেকে অভিনয়ের পাশাপাশি নতুন এই পেশাতেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করে যাব।’

 

ব্যাংকে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক তমা। নতুন সহকর্মী, পরিবেশ ও নতুন পরিচিতি- সব মিলিয়ে নতুন কর্মজীবন উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি।

 

তবে ব্যাংকিং পেশায় যুক্ত হলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং অভিনয়কে নিজের প্রথম ভালোবাসার জায়গা উল্লেখ করে সামনে আরও কাজ করার প্রত্যয় জানিয়েছেন এই অভিনেত্রী। ব্যাংক কর্তৃপক্ষও তার অভিনয়ের ব্যাপারে আন্তরিক বলে জানিয়েছেন তিনি।

 

তমা মির্জা বলেন, ‘অভিনয় আমার প্রথম ভালোবাসা আর ভালোলাগার জায়গা। এখানেই আছি, থাকব, আমৃত্যু কাজ করব ইনশাআল্লাহ। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের ব্যাপারে খুবই আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই।’

 

আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা। তবে বর্তমানে চলচ্চিত্রে তাকে খুব বেশি ব্যস্ত দেখা যায় না। অভিনেত্রী জানান, তিনি বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন।

 

অভিনয়ের বাইরে নতুন পেশায় যুক্ত হওয়ার সুযোগকে জীবনের নতুন অভিজ্ঞতা হিসেবেই দেখছেন তমা। নিয়মিত সিনেমায় কাজ না করায় অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে ব্যাংকের চাকরিকে দেখছেন তিনি।

 

এ প্রসঙ্গে তমা বলেন, ‘আমি খুব বেছে বেছে কাজ করি। বছরে একটা কিংবা দুটো সিনেমায় কাজ করি। জীবনের বাকি সময়টা অন্য কিছু এক্সপ্লোর করতে পারাটা দারুণ একটা সুযোগ। সেই সুযোগটা কাজে লাগিয়ে আমার অভিজ্ঞতা অর্জন করতে চাই।’

 

বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন তমা মির্জা। তার অভিনীত ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’ কনটেন্টগুলো দর্শকের মধ্যে আলোচিত হয়েছে।

 

এদিকে অভিনয়ে নতুন কাজও আসছে তমার হাতে। শিগগিরই নির্মাতা ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। এতে তার বিপরীতে থাকবেন আফরান নিশো।

 

নতুন পেশায় যুক্ত হওয়ার ঘোষণা দিয়ে ফেসবুক পোস্টের শেষে সবার ভালোবাসা ও দোয়া চেয়েছেন তমা। ফলে অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায়ও নিজের নতুন পরিচয়কে এগিয়ে নিতে চান এই অভিনেত্রী।