Image description
মুম্বাইয়ের বান্দ্রায় সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা ‘মান্নাত’ শুধু শাহরুখ খানের বাড়ি নয়, তার কোটি ভক্তের কাছে যেন স্বপ্নের ঠিকানা। প্রতিদিনই এই বাড়ির সামনে ভিড় করেন ভক্তরা, এক ঝলক কিং খানকে দেখার আশায়। কিন্তু সেই ‘মান্নাত’-এই ঘটে গেল ভিন্ন এক ঘটনা।
 
বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ির ভেতর একসঙ্গে দেখা মিলল দুটি সাপের। মুহূর্তেই শুরু হয় হইচই। খবর দেয়া হয় বন দপ্তর ও সাপ উদ্ধারকারী দলকে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য।
 
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা নাগাদ মান্নতে সাপ দুটির দেখা মেলে।
 
মান্নতের উঠোনের সিঁড়ির নিচে একটি সাপ লুকিয়ে ছিল। সেটিকে পরীক্ষা করে উদ্ধারকারীরা জানতে পারেন, এটি ইন্ডিয়ান র‌্যাট স্নেক। স্থানীয়ভাবে এই সাপ ঢ্যামনা বা দেশি দাঁড়াশ নামে পরিচিত। স্বস্তির বিষয় হলো, সাপটি বিষধর নয়।

ইন্ডিয়ান র‌্যাট স্নেক
 
উদ্ধারকারীরা কাছে যেতেই আতঙ্কে কুণ্ডলী পাকিয়ে যায় সাপটি। কিছুক্ষণ চেষ্টার পর সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে বন দপ্তরের নিয়ম মেনে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেয়া হয়।
 
তবে দ্বিতীয় সাপটির ভাগ্য ছিল অন্যরকম। মান্নতের চত্বরে মানুষের চলাচল ও উদ্ধারকারীদের তৎপরতায় ভয় পেয়ে সেটি পালিয়ে যায়। পরে অনেক খোঁজ করেও তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
শাহরুখের বাড়িতে এমন ঘটনা অবশ্য একেবারে নতুন নয়। কয়েক মাস আগে তার প্রতিবেশী ও বলিউড তারকা সলমন খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেও সাপ ঢুকে পড়েছিল। খবর পেয়ে সাপ উদ্ধারকারীকে ডাকা হয়। পরে সাপটিকে উদ্ধার করে বন দফতরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল।
 
 
এদিকে কাজের ব্যস্ততায় রয়েছেন শাহরুখ খানও। তার পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে চলছে জোর প্রস্তুতি। ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। বড়পর্দায় এটিই সুহানার প্রথম ছবি। চলতি বছরেই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
 
যদিও মান্নতের বাসিন্দাদের স্বস্তি— জোড়া অতিথির একজনকে নিরাপদে বিদায় করা গেছে। তবে অন্যটি কোথায় লুকিয়ে আছে, সেটিই এখন কিছুটা আতঙ্কের বিষয়।