ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অবশেষে দুর্ঘটনার বর্ণনা ও নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মেঘলা মুক্তা। প্রায় ৯–১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন। তবে দুর্ঘটনায় শরীরের পাশাপাশি মুখেও বেশকিছু ক্ষত, সেলাই ও দাগ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে মেঘলা মুক্তা জানান, সবার দোয়া, ভালোবাসা ও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই বিপদমুক্ত। দূর-দূরান্ত থেকে যারা হাসপাতালে তাকে দেখতে ছুটে গেছেন এবং যারা যেতে না পারলেও দূর থেকে তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মেঘলা লেখেন, তার প্রায় ৯-১০ ঘণ্টার অস্ত্রোপচারের সময় অনেকেই হাসপাতালের ওটির বাইরে দাঁড়িয়ে তার জন্য প্রার্থনা করেছেন। মোবাইল হাতে পাওয়ার পর অসংখ্য মেসেজ, দোয়া ও ভালোবাসা পাওয়ার কথাও জানান তিনি।
দুর্ঘটনায় নিজের মুখের ক্ষতচিহ্নের কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, শরীরের পাশাপাশি বিশেষ করে মুখে বেশকিছু ক্ষত ও দাগ রয়ে গেছে, যেগুলো সারতে সময় লাগবে। দুর্ঘটনার আঘাত পুরো মুখের ওপর দিয়ে যাওয়ায় অনেক সেলাইয়ের দাগ ও ক্ষত এখনও স্পষ্ট।
নিজের পরিবর্তিত চেহারা মেনে নেওয়াটাই এখন সবচেয়ে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান মেঘলা। আয়নার সামনে দাঁড়িয়ে প্রতিদিন নিজেকে নতুন করে দেখার বিষয়টি তার জন্য মানসিকভাবে কঠিন। তবে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি।
মেঘলা বলেন, একজন অভিনেত্রীর কাছে চেহারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিনয় তার কাজ, ভালোবাসা ও স্বপ্ন। সেই চেহারায় হঠাৎ করে এতগুলো ক্ষত, সেলাই ও দাগ দেখতে হওয়াটা তার জন্য মানসিকভাবে অত্যন্ত কঠিন। তারপরও হাল ছাড়তে চান না তিনি।
দুর্ঘটনা নিয়ে এরই মধ্যে নানা ধরনের কথা ছড়িয়ে পড়েছে বলেও জানান মেঘলা। তবে সেসব গুঞ্জন পরিষ্কার করে তিনি বলেন, অ্যাডমিন প্যানেল থেকে আগে যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেটিই সত্য। রাস্তা পার হওয়ার সময়ই তিনি দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় ইতোমধ্যে বনানী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন অভিনেত্রী। তবে শারীরিকভাবে আরও সুস্থ না হওয়া পর্যন্ত ঘটনার বিস্তারিত জানাতে চান না তিনি। সুস্থ হয়ে শিগগিরই সবার সামনে এসে কী ঘটেছিল, কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনে কী করা হবে- এসব বিস্তারিত জানানোর কথা জানিয়েছেন। দুর্ঘটনার পর আপাতত কিছুদিন নিজেকে আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন মেঘলা। নিজের ক্ষত সারিয়ে সুস্থ হয়ে ওঠার জন্য সময় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনার কারণে তার কয়েকটি কাজও পিছিয়ে যেতে পারে। মেঘলা জানান, বেশকিছু স্ক্রিপ্ট পড়েছিলেন এবং কিছু কাজ খুব শিগগিরই শুরু করার কথা ছিল। এখন সেগুলোর কিছু পিছিয়ে যেতে পারে কিংবা কিছু কাজ সময়মতো করা সম্ভব নাও হতে পারে, যা তাকে কষ্ট দিচ্ছে। তবে সবকিছুর আগে বেঁচে থাকা, সুস্থ হয়ে ওঠা এবং আবার দাঁড়িয়ে যাওয়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন এই অভিনেত্রী।
প্রয়োজন অনুযায়ী দেশে কিংবা দেশের বাইরে ভালো চিকিৎসা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানিয়েছেন মেঘলা। সময়, চিকিৎসা, নিজের মানসিক শক্তি এবং মানুষের দোয়া-সবকিছু মিলিয়ে এক দিন আবার সবার সামনে দাঁড়াতে পারবেন বলে আশাবাদী তিনি। মেঘলা বলেন, হয়তো একটু সময় লাগবে, হয়তো আগের মতো হতে কিছুটা পথ হাঁটতে হবে। তবে তিনি ফিরবেন- তার কাজ, স্বপ্ন এবং ভালোবাসার মানুষের জন্য।
গত ২৯ জুলাই রাস্তা পার হওয়ার সময় সড়ক দুর্ঘটনার শিকার হন মেঘলা মুক্তা। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। পরে তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার শারীরিক অবস্থার আপডেট জানানো হয়।
মডেলিং ও র্যাম্পের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করা মেঘলা মুক্তা ভারতের তেলেগু সিনেমা ‘সাকালা কালা ভাল্লাভুডু’তে অভিনয় করে আলোচনায় আসেন। বাংলাদেশে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।