কার্ড ছাপিয়ে বিবাহবার্ষিকীর অনুষ্ঠান করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের চুঁচুড়া পুরসভার জলকল দফতরের কর্মী। সে অনুষ্ঠানে নিমন্ত্রিত যারা জাননি, তাদের উদ্যেশ্য করে পুরসভার চত্বরে দেখা গেল এক অভিনব পোস্টার। যারা নিমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাননি, তাঁদের উদ্দেশে জানানো হয়েছে—প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে জরিমানা দিয়ে বাড়িতে গিয়ে আশীর্বাদ করতে হবে।
এ পোস্টার ঘিরেই পুরসভার অন্দর থেকে সাধারণ মানুষের মধ্যে তুমুল আলোচনা তৈরি হয়েছে। যদিও অনেকে বিষয়টিকে সামাজিকভাবেও দেখছেন। পুরসভার এক কর্মী নিজের বিবাহবার্ষিকী উপলক্ষে সহকর্মী,পরিচিত ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়েছিলেন। নিমন্ত্রণপত্রে অনুষ্ঠান ছিল ২৯ জুলাই। পরে পুরসভার বিভিন্ন জায়গায় তিনি একটি পোস্টার সাঁটান।
সেখানে লেখা, আমন্ত্রণ জানিয়েও অনুষ্ঠানে আসেননি অনেকেই। এতে তাকে কষ্ট দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেকের জন্য তৈরি খাবারও নষ্ট হয়ে গেছে। তাই প্রত্যেক পরিবারকে ৫০০ টাকা করে দিতে হবে এবং দম্পতিকে আশীর্বাদ করতে হবে। এ পোস্টার দেখেই শুরু হয়েছে নানা আলোচনা।
আমন্ত্রিতদের একাংশ মজার ছলে বলছেন, ‘যাওয়া উচিত ছিল, সেটা ঠিক। কিন্তু অনুষ্ঠানের আগে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে, তারা যাননি। এখন আবার যদি ৫০০ টাকা চান, তখন কী হবে কে জানে!’ তবে অনেকেই বলছেন, নিমন্ত্রণ পেয়েও না যাওয়াটা ঠিক হয়নি।
স্থানীয় সূত্র বলছে, এলাকার এক ব্যক্তিকে চুল-দাড়ি কেটে অনুষ্ঠানে যাওয়ার জন্য ওই কর্মী ২০০ টাকা পকেটে গুঁজে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তিনিও না যাওয়ায় পর ২০০ টাকাই ফেরত নিয়ে নেন বলে এলাকায় ছড়িয়ে পড়েছে।
পুরসভার এক ইঞ্জিনিয়ার বলেন, ‘উনি খুব ভালো মানুষ। হঠাৎ কেন এমন করলেন, বুঝতে পারছি না। আমার কাছেও যদি জরিমানা চান, তখন দেখা যাবে।’ খবর: জিনিউজ বাংলা।