Image description

সবসময় ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় থাকেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। এবারো নিজের ৩০তম জন্মদিনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন এ নায়িকা। এবারের জন্মদিনে কেক কাটা বা জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছ রোপণ করেছেন তিনি।

 

পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নিয়েছেন অভিনেত্রী। সুন্দরী ইকো রিসোর্টের সহযোগিতায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বিভিন্ন এলাকায় গাছগুলো রোপণ করা হয়।

বিজ্ঞাপন

নিজের এই উদ্যোগ প্রসঙ্গে চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের যত কাছাকাছি থাকা যায়, জীবন তত সুন্দর হয়। একটা সময় পর শহরের ইট-পাথর আর ভালো লাগে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরবে, জীবন তত অর্থবহ হবে।’

সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘সুন্দরবন আমাদের এক বিশাল সম্পদ। এই বন বুক পেতে আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। কিন্তু বিভিন্ন কারণে সুন্দরবনের আয়তন কমে আসছে, বন্য প্রাণীরাও নিরাপত্তাহীনতায় ভুগছে। আমার এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানাতে চাই। বিশেষ করে যারা আমাকে ভালোবাসেন ও অনুসরণ করেন, তাদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য।’

চমকের এই উদ্যোগ এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীসহ অনেকের। জন্মদিনকে ব্যক্তিগত উদ্‌যাপনের গণ্ডি ছাড়িয়ে পরিবেশ রক্ষার একটি সামাজিক বার্তায় রূপ দেওয়ার জন্য অভিনেত্রীর এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।