জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে। দেশের মানুষকে বাংলাদেশপন্থি রাজনৈতিক শক্তি বেছে নিতে হবে। কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রীও এই কথা বলেছেন।
বৃহস্পতিবার (৯) রাত সাড়ে ৯ টার দিকে পাবনার চাটমোহর বালুচর মাঠে আয়োজিত জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে দালালতন্ত্র, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সেবা পেতে রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে বাধ্য হন, যা গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা নিতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় ম্যানেজিং কমিটিতে যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অযোগ্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে।
এই এনসিপি নেতা বলেন, সমাজে মাদক, চাঁদাবাজি, অবৈধ ব্যবসা এবং ক্ষমতার অপব্যবহারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে এবং বয়কট করতে হবে।
তিনি বলেন, শুধু ক্ষমতায় থাকার কারণে কোনো দলের নেতাকর্মীরা প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করতে পারেন না। এটা থেকে বের হয়ে আসতে হবে। চাঁদাবাজি ও লুটপাটের রাজনীতি থেকে দেশকে বের করে আনতে হবে।
এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম জানান, তাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি, তার শাসনামলে প্রশাসনের দলীয়করণ, হাজারো গুম, গ্রেপ্তার ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে।
সারজিস আলম দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রশাসনকে কোনো দলের প্রতীক নয়, বরং দেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহবায়ক সরওয়ার তুষার, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, পাবনার এনসিপি নেতা বরকতুল্লাহ ফাহাদ, শহীদ জাহিদুল ইসলামের পিতা দুলাল উদ্দিন মাষ্টার প্রমুখ।