Image description

মৃত্যুর প্রায় ৩০ বছর পর জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছেন আদালত। মামলার তদন্তের অংশ হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে আদালতের এই নির্দেশে সন্তুষ্ট নন সালমান শাহর মা নীলা চৌধুরী। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দ্বিতীয়বার যে ময়নাতদন্ত করা হলো সেখানে লেখা আছে ডাক্তার, পুলিশ, সাংবাদিকরা দেখেছেন লাশ ঠিক ছিল। এখানে বলা হয়েছে বডি ওয়াজ ডিকম্পোজড। এখান থেকেই তো বোঝা যায় এটা হত্যা। এখন আবার প্রহসন কেন? এসবের কোনো মানে হয় না।’

 

তিনি আরও অভিযোগ করে বলেন, বিভিন্ন পর্যায়ে তদন্তে অনিয়ম হয়েছে এবং চাপের মুখে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তার দাবি।

সালমান শাহর মা বলেন, ‘পুলিশ কিছু করল না, পরে সিআইডিকে দেওয়া হলো। আমরা সিআইডির ওপর আশাবাদী। দেখি তারা কী করে। দুবার লাশ উত্তোলন করা হয়েছে, দ্বিতীয়বারও সব পরিষ্কার ছিল।’

তিনি আরও দাবি করেন, তদন্তের সঙ্গে যুক্ত কিছু চিকিৎসক নানাভাবে চাপের মুখে কাজ করেছেন বলেও তার কাছে তথ্য এসেছে।

নীলা চৌধুরী বলেন, ‘আমি আইনের বিরুদ্ধে কিছু বলতে পারি না। আদালতের রায় এসেছে, এখন দেখব কী হয়।’

তিনি জানান, আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে এবং তিনি আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করবেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় সালমান শাহকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তখন অপমৃত্যু মামলা হলেও পরে এটি হত্যা মামলায় রূপ নেয়।

দীর্ঘ ৩০ বছর পর আবারও নতুন তদন্ত ও লাশ উত্তোলনের নির্দেশে সালমান শাহ মৃত্যু রহস্য নতুন করে আলোচনায় এসেছে।

 
ঢাকা টাইমস