Image description

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি গুরুতর অসুস্থ। গলায় সমস্যার কারণে বর্তমানে তিনি কথা বলতে পারছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে নিজের অসুস্থতার খবর জানিয়ে অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন এই নির্মাতা।

 

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় অমি লেখেন, ‘গত কয়েক দিন ধরে দাঁতের সমস্যার কারণে কিছুটা অসুস্থ বোধ করছিলাম। চিকিৎসকের পরামর্শে সুস্থ হওয়ার চেষ্টাও করছিলাম। তবে পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ না পাওয়ায় এর মধ্যেই ‘ব্যাচেলর পয়েন্ট’র শুটিং শুরু করতে হয়। কিন্তু আজ শুটিং চলাকালীন হঠাৎ এক অপ্রত্যাশিত ঘটনা ঘটল। গলায় তীব্র অস্বস্তি অনুভবের পর ধীরে ধীরে আমার কণ্ঠস্বর মিলিয়ে যেতে থাকে। একপর্যায়ে আমি পুরোপুরি কথা বলা বন্ধ করে দিই। যে মুহূর্তটি আনন্দের হওয়ার কথা ছিল, সেখানে হঠাৎ ভীষণ ভয় পেয়ে গেলাম। কথা বলার চেষ্টা করেও আমি ব্যর্থ হচ্ছিলাম।’’

 

তিনি আরও লেখেন, ‘পরিস্থিতির অবনতি হওয়ায় শুটিং বন্ধ করে দ্রুত হাসপাতালে যাই। চিকিৎসকরা আমার গলায় একটি সিস্ট পেয়েছেন এবং আগামী ৭ দিন সম্পূর্ণ ‘ভয়েস রেস্ট’ বা কথা না বলে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। কোনোভাবেই কথা বলা যাবে না। এই সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।’

 

মানসিকভাবে ভেঙে পড়া এই নির্মাতা শেষাংশে লেখেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না কী ঘটছে, পুরো বিষয়টি মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে আমাকে। আমি কাজপাগল মানুষ। প্রতি মাসে আপনাদের জন্য ৮টি করে পর্ব (এপিসোড) উপহার দিই। আশা করি দ্রুত সুস্থ হয়ে কাজটি চালিয়ে যেতে পারব। এখন আপনাদের দোয়া ও প্রার্থনা প্রয়োজন।’উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের নতুন সিজনের শুটিং সেটে কাজ করার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজল আরেফিন অমি।