যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র জোহরান কোয়ামে মামদানি–র সঙ্গে এক শর্ট ফিল্মে অভিনয় করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন জায়েদ খান। প্রবাসী বাঙালিদের জীবন নিয়ে নির্মিত ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ (এপিসোড-২)–এ কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে মজার এক ঘটনার কথাও জানান এই চিত্রনায়ক।
শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে জায়েদ খান বলেন, “মামদানির সাথে আমার আসলে খুবই মজা হয়েছে। ঈদ মোবারক হয়েছে, সালাম বিনিময় হয়েছে। এবং উনি তো বাংলাদেশি এবং মুসলমানদের ব্যাপারে খুবই পজিটিভ। খুব খুনসুটি ছিল, অভিনয়গুলো বারবার হচ্ছিল না, স্বাভাবিক। পরে আবার আমি দেখালাম, জন কবির দেখালো।”
বিশ্বের অন্যতম ব্যস্ত শহর নিউইয়র্কের মেয়রের ধৈর্য ও আন্তরিকতায় মুগ্ধ হওয়ার কথাও জানান তিনি। জায়েদ বলেন, “উনি খুব ধৈর্য ধরে অভিনয়টা করেছেন, বারবার এবং কোনো অধৈর্য নাই, খুব খুশি মনে। এত বড় একজন জনপ্রিয় মেয়রের সাথে অভিনয়টা আসলে অন্যরকম ছিল।”
এই প্রজেক্টের পেছনে রুহিন হোসেন ও মুশরাত শাহীন হোসেন–এর অবদানের কথাও উল্লেখ করেন জায়েদ খান। তার ভাষ্য, ২০২১ সাল থেকে মামদানিদের পরিবারের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং সেখান থেকেই এই শর্ট ফিল্মের ভাবনা আসে।
শর্ট ফিল্মটি পরিচালনা করেছেন জন কবির ও সাদ আল আমীন। জানা গেছে, ‘ইমিগ্রেন্ট ডায়েরিস’ আগামী ২৭ মে রাত ৯টায় ‘ঠিকানা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ হবে।