Image description

একটি সম্পর্কে বয়সের পার্থক্য কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে বহু মানুষের কৌতূহল আছে। অনেক দম্পতির মতে, সম্পর্কের সফলতা বয়সের সংখ্যার চেয়ে পারস্পরিক বোঝাপড়া ও মানসিক মিলের ওপর বেশি নির্ভর করে। 

বাস্তবে দেখা যায়, অনেক যুগল নিজেদের একই বয়সী বলেই অনুভব করেন, যদিও কাগজে-কলমে বয়সের ব্যবধান থাকে। বিশেষজ্ঞরা মনে করেন, মানুষের বয়স শুধু ক্যালেন্ডারের সংখ্যায় সীমাবদ্ধ নয়। 

সাইকিসেন্ট্রাল-এর এক প্রতিবেদনের তথ্য মতে,  মানুষের মানসিক, শারীরিক ও যৌন বয়স আলাদা হতে পারে। বয়সের পার্থক্য থাকা দম্পতিদের মধ্যে অনেক সময় এই দিকগুলোতেই বেশি মিল দেখা যায়।

তবে বয়সের ব্যবধান বেশি হলে সম্পর্কের কিছু চ্যালেঞ্জও দেখা দিতে পারে। এসব চ্যালেঞ্জের বড় একটি অংশ আসে বাইরের মানুষের দৃষ্টিভঙ্গি ও সামাজিক চাপ থেকে। সঠিকভাবে এসব সমস্যার মুখোমুখি হতে পারলে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে।

বয়সের পার্থক্য কি সম্পর্কে প্রভাব ফেলে

যেসব সম্পর্কে বয়সের ব্যবধান তুলনামূলক বেশি, সেখানে কিছু নির্দিষ্ট প্রভাব দেখা দিতে পারে। তবে এসব প্রভাব সব সময় বয়সের ব্যবধানের কারণেই হয়, এমন নয়। যে কোনো সম্পর্কেই পার্থক্য সামলাতে যোগাযোগ ও বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

মানসিক পরিপক্বতা

অল্প বয়সের ব্যবধান থাকলেও মানসিক পরিপক্বতার পার্থক্য দেখা যেতে পারে। বয়সের ব্যবধান যদি ১০ থেকে ১৫ বছর বা তার বেশি হয়, তাহলে জীবনের অভিজ্ঞতায় বড় পার্থক্য তৈরি হয়। এতে সম্পর্কে একজন সঙ্গীকে মানসিকভাবে বেশি দায়িত্ব নিতে হতে পারে, যা একসময় ক্লান্তি ও সম্পর্ক ভাঙনের কারণ হতে পারে।

তবে বয়স বেশি হলেই কেউ মানসিকভাবে বেশি পরিপক্ব হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। একইভাবে কম বয়স মানেই কম পরিপক্বতা নয়। গবেষণায় দেখা গেছে, বয়স একা মানসিক দৃঢ়তা বা সুস্থ মানসিক মোকাবিলার দক্ষতা নির্ধারণ করে না। জীবনের অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে ভূমিকা রাখলেও ব্যক্তিগত বৈশিষ্ট্য ও সামাজিক প্রেক্ষাপটও গুরুত্বপূর্ণ।

 

জীবনের অগ্রাধিকার

 

বয়সের ব্যবধান যত বাড়ে, জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে মতভেদ হওয়ার সম্ভাবনাও তত বাড়ে। এর মধ্যে থাকতে পারে স্বাস্থ্য, শক্তি ও কর্মক্ষমতা, জীবনের লক্ষ্য, কিংবা পরিবার গঠনের পরিকল্পনা।

 

তবে ভিন্ন অগ্রাধিকার শুধু বয়সের ব্যবধান থাকা সম্পর্কেই হয়, এমন নয়। যে কোনো দীর্ঘমেয়াদি সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রত্যাশা নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি।

 

জীবনের শেষ পর্যায় নিয়ে উদ্বেগ

বয়সের ব্যবধান বেশি হলে অনেক সময় ভবিষ্যৎ নিয়ে বাড়তি দুশ্চিন্তা দেখা দেয়। বিশেষ করে কম বয়সী সঙ্গীর মনে ভয় কাজ করতে পারে যে, একসময় তাকে একা হয়ে যেতে হবে। এসব অনুভূতি নিয়ে একে অপরের সঙ্গে কথা বলা মানসিক চাপ কমাতে সাহায্য করে।

 

আগাম পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তাও কিছুটা কমে। এতে দুজনই জানেন, যে কোনো পরিস্থিতিতে কীভাবে এগোতে হবে।

 

আদর্শ বয়সের ব্যবধান কত

অনেক সমাজে এখনো এমন সম্পর্ক বেশি দেখা যায়, যেখানে পুরুষ সঙ্গী বয়সে বড়। এসব সম্পর্কে সাধারণত ২ থেকে ৩ বছরের ব্যবধান থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এই ধরনের বয়সের পার্থক্যে দাম্পত্য সন্তুষ্টি তুলনামূলক বেশি হয়।

 

গবেষণা অনুযায়ী, বয়সের ব্যবধান ৪ থেকে ৬ বছর হলে সন্তুষ্টি কিছুটা কমতে পারে। আর ব্যবধান ৭ বছর বা তার বেশি হলে সম্পর্কের সন্তুষ্টি আরও ধীরে ধীরে কমার প্রবণতা দেখা যায়, বিশেষ করে দাম্পত্য জীবনের প্রথম কয়েক বছরে। কিছু গবেষণায় এটাও দেখা গেছে, বয়সের ব্যবধান বেশি হলে মানসিক চাপ বা বিষণ্নতার ঝুঁকি সামান্য বাড়তে পারে।

 

তবে গবেষণার সংখ্যা কখনোই ভালোবাসার পুরো গল্প বলে না। অনেক দম্পতি বয়সের বড় ব্যবধান থাকা সত্ত্বেও দীর্ঘদিন সুখী জীবন কাটাচ্ছেন।

 

বড় বয়সের ব্যবধান থাকা সম্পর্ক কি টিকে

হ্যাঁ, বয়সের বড় ব্যবধান থাকা সম্পর্কও দীর্ঘমেয়াদে সফল হতে পারে। বয়স ছাড়াও সম্পর্কের স্থায়িত্বে আরও অনেক বিষয় ভূমিকা রাখে। এর মধ্যে রয়েছে উভয় সঙ্গীর শিক্ষা, আর্থিক স্থিতিশীলতা, পারিবারিক সহায়তা, আবেগীয় বুদ্ধিমত্তা, নিরাপদ সম্পর্ক গড়ার ক্ষমতা এবং খোলামেলা যোগাযোগ।

 

 

অর্থাৎ বয়সের ব্যবধান সম্পর্কের সফলতার একটি উপাদান মাত্র, একমাত্র নির্ধারক নয়।

 

 

বয়সের ব্যবধান থেকে আসা সাধারণ সমস্যা

সামাজিক দৃষ্টিভঙ্গি

 

 

বয়সের পার্থক্য চোখে পড়লে বাইরের মানুষের মন্তব্য ও বিচার বেশি আসে। অনেক সময় মানুষ ধরে নেয়, সম্পর্কের পেছনে নিশ্চয়ই অন্য কোনো স্বার্থ রয়েছে। এসব মন্তব্য বন্ধু বা পরিবারের কাছ থেকে এলে কষ্টের কারণ হতে পারে।

 

 

ক্ষমতার ভারসাম্য

 

 

বয়সের বড় ব্যবধান থাকলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। কখনো বড় বয়সী সঙ্গী অজান্তেই কর্তৃত্বমূলক আচরণ করতে পারেন। আবার আর্থিক নির্ভরতার সুযোগ নিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা হলে সেটি সম্পর্কের জন্য ক্ষতিকর হয়ে ওঠে। এমন পরিস্থিতি হলে খোলামেলা আলোচনা অত্যন্ত জরুরি।

 

 

চ্যালেঞ্জ মোকাবিলার উপায়

এই ধরনের সম্পর্ক টিকিয়ে রাখতে কিছু বিষয় সহায়ক হতে পারে।

 

 

প্রথমত, বাইরের মানুষের অযাচিত মন্তব্যের ক্ষেত্রে স্পষ্ট সীমা নির্ধারণ করা দরকার।

 

দ্বিতীয়ত, একে অপরের অনুভূতি নিয়ে নিয়মিত ও সৎ আলোচনা জরুরি।

 

তৃতীয়ত, সমালোচনার মুখে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, তা আগেই ভেবে রাখা কাজে আসে।

 

চতুর্থত, একই ধরনের সম্পর্ক থাকা মানুষের সঙ্গে যোগাযোগ রাখলে মানসিক সমর্থন পাওয়া যায়।

 

প্রয়োজনে দম্পতি কাউন্সেলিংও উপকারী হতে পারে।

 

সম্পর্কে বয়সের পার্থক্য কতটা বেশি, তার কোনো একক উত্তর নেই। গবেষণা বলছে, ছোট বয়সের ব্যবধান অনেক ক্ষেত্রে সুবিধাজনক হলেও বড় ব্যবধান থাকা সম্পর্কও সফল হতে পারে। শেষ পর্যন্ত সম্পর্কের টিকে থাকা নির্ভর করে পারস্পরিক সম্মান, যোগাযোগ, বোঝাপড়া ও মানসিক সংযোগের ওপর। বয়স একটি সংখ্যা মাত্র, কিন্তু সম্পর্কের গভীরতা গড়ে ওঠে বিশ্বাস ও দায়িত্ববোধের মাধ্যমে।