Image description

বলিউডপাড়ায় অভিনেত্রী টাবু ও অজয় দেবগনের মধ্যে বন্ধুত্ব সর্বজনবিদিত। সেই বন্ধুর জন্যই এখনও অবিবাহিত বলে দাবি করলেন বলিউড অভিনেত্রী। ৫৪ বছর বয়সী টাবু মজার ছলে তার অবিবাহিত থাকার জন্য তার ঘনিষ্ঠ বন্ধু এবং সহ-অভিনেতা অজয় দেবগনকে দোষারোপ করেন।

সম্প্রতি মুম্বাই মিররকে দেওয়া টাবুর একটি পুরোনো সাক্ষাৎকার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে বিয়ের কথা উঠলে অভিনেত্রী চাচাতো ভাই সমীর এবং অজয়ের প্রসঙ্গ সামনে নিয়ে আসেন। খুনসুটিতে মেতে উঠে বলেন, অজয়ের ভয়ে কোনো ছেলে আমার সঙ্গে কথা বলত না। তাই আমি এখনও অবিবাহিত।

ছোটবেলায় অজয় ও সমীর সব সময় নজর রাখত যেন ছেলেরা তার সঙ্গে কথা না বলতে পারে। কেউ কথা বলতে এল তাদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিতেন। টাবু মজা করে বলেন, ‘যখন আমি ছোট ছিলাম, সমীর-অজয় আমার সঙ্গে কথা বলতে গিয়ে ধরা পড়া যে কোনো ছেলেকে মারধর করার হুমকি দিত। ওরা দুজন ছিল বড় গুণ্ডা। আমি যদি আজ একা থাকি, তবে তা অজয়ের কারণেই।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আশা করি সে তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হবে এবং আফসোস করবে।’

টাবু বরাবরই বলিউডের প্রশংসিত ও বহুমুখী তারকাদের একজন। সিনেমার বাইরে তার ব্যক্তিগত জীবন প্রায়ই ভক্তদের মধ্যে কৌতূহলের বিষয় হয়ে থেকেছে। বিশেষ করে পঞ্চাশ পেরোনোর পরও অবিবাহিত থাকাটা সবাইকে কৌতূহলী করে তোলে।

অজয় দেবগন ১৯৯৯ সালে কাজলকে বিয়ে করেন। এখনও তাদরে মধ্যে রয়েছে সুসম্পর্ক। অজয় ও টাবু ‘হকিকত’, ‘দৃশ্যম’ ও ‘গোলমাল এগেইন’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করে বলিউডের অন্যতম প্রিয় অন-স্ক্রিন জুটি হয়ে উঠেছেন।