Image description

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে বলিউড অভিনেতা শক্তি কাপুরের মৃত্যুর গুজব। খবরটি দ্রুত ভাইরাল হয়ে পড়লে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার ভক্তরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানালেন, তিনি সুস্থ আছেন এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমের কয়েকটি পোস্টে দাবি করা হয়, জনপ্রিয় এই অভিনেতা আর বেঁচে নেই।

বিষয়টি ছড়িয়ে পড়ার পর নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন শক্তি কাপুর।

 

ভিডিওতে তিনি বলেন, ‘হ্যালো সবাই, আমার মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া। আমি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব গুজব উপেক্ষা করুন।

আমি এ বিষয়ে অভিযোগ করতে যাচ্ছি। এটা মোটেও ঠিক নয়।’

 

ভিডিওতে শান্তভাবে কথা বললেও এমন গুজবে যে তিনি বিরক্ত ও হতাশ, সেটিও স্পষ্ট ছিল। একই সঙ্গে অভিনেতা জানান, এ ধরনের মিথ্যা খবর শুধু শিল্পীর জন্য নয়, তার পরিবার ও কাছের মানুষদের জন্যও কষ্টের কারণ হতে পারে।

 

শুধু গুজব উড়িয়ে দিয়েই থেমে থাকেননি শক্তি কাপুর। তিনি জানিয়েছেন, যারা এই ভুয়া তথ্য ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন। 

তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যম কখনোই এমন সংবেদনশীল বিষয়ে ভিত্তিহীন তথ্য ছড়ানোর জায়গা হতে পারে না।

সম্প্রতি ‘মেরে হাসব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে শক্তি কাপুরকে। সেখানে তার অভিনয়ও দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।