Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। তবে সিনেমায় আগের মতো দেখা যায় না তাকে। সর্বশেষ তার অভিনীত ‘আহারে জীবন’ নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি কাজ করেছেন নাটক, টেলিফিল্মেও। নাম লেখিয়েছেন ওটিটিতেও।

 

এদিকে, জনপ্রিয় এই নায়িকা এশিয়া পোস্টের অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হয়েছিলেন। যেখানে এসে তিনি জানান নাটক, টেলিফিল্মে কাজ করায় অনেকেই তাকে বলত, আমাকে আর কেউ ফিল্মে নেবে না।

 

পূর্ণিমা বলেন, চলচ্চিত্রের পাশাপাশি আমি নাটক, টেলিফিল্মও করেছি একসময়। তখন অনেকেই আমাকে বলত, তুমি সিনেমার নায়িকা নাটকে কেন যাচ্ছো? ফ্রিতে দেখতে পেলে কেউ তোমাকে ফিল্মে কাজে নেবে না।

 

তিনি আরও বলেন, আমার কাছে নাটক, টেলিফ্লিল্মেও কমফোর্ট জোন মনে হয়। তখন ঈদ স্পেশাল কিছু হলে করতাম।

 

পরিচালক জাকির হোসেন রাজুর ‘এ জীবন তোমার আমার’ ছবিতে অভিনয়ের মাধ্যমে মাত্র ১৫ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেক ঘটে পূর্ণিমার। এরপর আর পেছনে তাকাতে হয়নি এই নায়িকাকে। প্রথম নায়ক ছিলেন ফেরদৌস, এরপর তিনি অভিনয় করেছেন রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল, আমিন খানসহ দেশের শীর্ষ নায়কদের বিপরীতে।

 

এ পর্যন্ত প্রায় ১০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা। তার অভিনীত জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘মনের মাঝে তুমি’, ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’, ‘মনের মধ্যে তুমি’, ‘মধুর মিলন’সহ অসংখ্য সিনেমা। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন শ্রেষ্ঠ নায়িকা বিভাগে।