তারকাদের রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায় চৌধুরী। তার মতে, তারকাদের মূল দায়িত্ব দর্শকদের সিনেমা হলে টানা- ভোট টানা নয়।
এক সাক্ষাৎকারে গার্গী বলেন, তারকাদের উচিত সিনেমা হলে লোক টানা। ভোট টানা তাদের কাজ নয়।
রাজনীতিতে ভাষার ব্যবহার নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন এই অভিনেত্রী। তার ভাষায়, শুধু রাজনীতি কেন, কোনও জায়গাতেই অপশব্দের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। হিংসা, দ্বেষ- এগুলো সব সময়েই বর্জনীয়।
পছন্দের রাজনীতিবিদ সম্পর্কে জানতে চাইলে গার্গী রায়চৌধুরী বলেন, তার পছন্দের তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি জানান, ইন্দিরা গান্ধীর দৃঢ়তা এবং জ্যোতি বসুর ব্যক্তিত্ব ও ক্ষুরধার বুদ্ধিমত্তা তাকে আকৃষ্ট করে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মতামত জানাতে গিয়ে তিনি বলেন, আবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান।