Image description

এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ সম্প্রতি তাদের জোটসঙ্গী ও জামায়াতের সংসদ সদস্য আমির হামজাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দেওয়া ওই পোস্টে তিনি আমির হামজাকে জামায়াতে ইসলামীর জন্য ‘দুঃখ’ হিসেবে অভিহিত করেন।

তাহসিন রিয়াজ তার স্ট্যাটাসে লেখেন, ‘চীনের দুঃখ হোয়াংহো, আর জামায়াতের দুঃখ হামজা (আমির হামজা পড়ুন)।’ সংসদ সদস্যকে নিয়ে দেওয়া তার এই মন্তব্যটি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে একই দিনে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত একটি সেমিনারে সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ তোলেন তাহসিন রিয়াজ। ‘গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি: সরকারের দায় ও জবাবদিহিতা’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে তাহসিন রিয়াজ দাবি করেন, সরকার গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে। তার মতে, সাংবিধানিক প্রক্রিয়ার দোহাই দিয়ে জনগণের মৌলিক অধিকার খর্ব করার একটি সুসংগঠিত প্রক্রিয়া চালানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

বক্তব্যের এক পর্যায়ে তিনি সংসদ সদস্যদের ভূমিকার সমালোচনা করে বলেন, যখন সংসদ সদস্যরা সাংবিধানিক কাঠামোর কথা বলেন, তখন বিষয়গুলো একটি নির্দিষ্ট ছকের মধ্যে পরিচালিত হয়। এই সংগঠিত প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করা অনেক সময় সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে।

তাহসিন আরও অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতি অতীতের ধারায় চলমান রয়েছে এবং দেশ এখন ভোটাধিকার খর্বের একটি দ্বিতীয় পর্যায়ে অবস্থান করছে। সংবিধান ও সংসদের কাঠামো ব্যবহার করেই নাগরিক অধিকার ক্ষুণ্ন করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি আমির হামজার একটি দেড় ঘণ্টার ভিডিও ঘিরে শুরু হয় তুমুল সমালোচনা।

ভিডিওতে আমির হামজাকে বলতে শোনা যায়, ‘রুমিন ফারহানা আপা আছে, মন্ত্রী পটলের মেয়ে আছে, ফারজানা শারমিন। আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি, যেহেতু এগুলো সিরিয়াল করা থাকে আগে থেকে, কে কোথায় বসবে আমরা জানিও না। আল্লাহর ইশারা ভেতরে গিয়ে দেখি, আমার ডানে-বামে ভুঁড়িওয়ালা। এমন বড় বড় ভুঁড়ি, আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।’

শীর্ষনিউজ