ইডেন কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন তরুণ গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত শুনানি শেষে তার জামিন দেওয়া হয় ।
এদিন আসামি অন্তুর পক্ষে তার আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম জামিন চেয়ে শুনানি করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী জসীম উদ্দিন জামিনের বিরোধীতা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচশ টাকা মুচলেকায় আগামী ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয়েছে। এসময় মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে শ্লীলতাহানির অভিযোগ ওই ছাত্রী গত বুধবার রাতে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সকালে গুলশান এভিনিউ থেকে জাহিদ অন্তুকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র টিএসসিতে গিটার ক্লাসকে কেন্দ্র করে জাহিদের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তবে পরবর্তীতে তাদের সম্পর্ক ভেঙে যায় এবং যোগাযোগ বন্ধ হয়ে যায়। জাহিদের বাসায় একটি পণ্যের ফটোশুটের কথা থাকায় ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে কথা হয় এবং বাসায় যেতে বলেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তিনি গুলশানের জাহিদের বাসায় যান। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন নিপীড়ন করেন। তিনি বাধা দিলে জাহিদ তাকে এলোপাতাড়ি মারধর করেন।এতে তার মুখ, গলা ও মাথায় জখম হয় বলে অভিযোগ করেছেন এই শিক্ষার্থী। পরে তিনি কৌশলে জাহিদের বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।