বরেণ্য নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেতের নামে সামাজিক মাধ্যমে নিজের নাম ও ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ‘ভুয়া’ ফটোকার্ড। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন তিনি। জানান, সত্যতা যাচাই না করে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও।
বিবৃতিতে হানিফ সংকেত বলেন, আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি। সত্যতা যাচাই না করে সামাজিক মাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।
হানিফ সংকেত লেখেন, ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনা শৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এই ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।
এই গুণী ব্যক্তি আরও উল্লেখ করেন, দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি। আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড কেবল আমার নিজস্ব ভেরিফাইড (Verified) প্ল্যাটফর্ম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়। প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এর অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরো সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না।
বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি ব্যক্তিত্ব হানিফ সংকেত তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরছেন। উপস্থাপনা ও পরিচালনার পাশাপাশি তিনি একাধারে লেখক, প্রযোজক, সুরকার ও গীতিকার হিসেবেও সুপরিচিত।
