এবারের ঈদে প্রেক্ষাগৃহের লড়াইয়ে নামছে পাঁচটি ভিন্ন ঘরানার সিনেমা। সাহিত্যনির্ভর গল্প থেকে শুরু করে নারীকেন্দ্রিক কাহিনি, থ্রিলার, ভায়োলেন্স ও বাণিজ্যিক ধাঁচ—সব মিলিয়ে বৈচিত্র্যে ভরপুর এবারের ঈদের সিনেমা বাজার।
মুক্তির তালিকায় রয়েছে শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, আফরান নিশোর ‘দম’, চার নারী অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত ‘প্রেশার কুকার’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’ এবং একঝাঁক তারকার ‘বনলতা এক্সপ্রেস’।
প্রেক্ষাগৃহ বণ্টনের চিত্র বলছে, অন্যান্য ঈদের মতো এবারও সিঙ্গেল স্ক্রিনে একচ্ছত্র আধিপত্য শাকিব খানের। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ প্রায় ১৩০টি হলে মুক্তি পেয়েছে বলে জানিয়েছেন পরিবেশকরা। তবে ঈদের প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সে ডিসিপি সময়মতো জমা না দেওয়ায় কোনো শো পায়নি সিনেমাটি—এ তথ্যও নিশ্চিত করেছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
অন্যদিকে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’—এই তিনটি সিনেমা প্রথম ধাপে শুধুমাত্র মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। সিঙ্গেল স্ক্রিনে তাদের মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মাল্টিপ্লেক্সের শো বণ্টনেও রয়েছে প্রতিযোগিতা। ‘রাক্ষস’ পেয়েছে স্টার সিনেপ্লেক্সে ১৩টি শো, আর ‘দম’ এগিয়ে থেকে পেয়েছে মোট ২৭টি শো। প্রেশার কুকার সবার শেষে ডিসিপি জমা দেওয়ায় এখনও শোয়ের তালিকা জানাতে পারেনি।
সব মিলিয়ে বলা যায়, সিঙ্গেল স্ক্রিনে যেখানে শাকিব খানের শক্ত অবস্থান, সেখানে মাল্টিপ্লেক্সে ভরসার জায়গা হয়ে উঠেছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। এবারের ঈদে তাই প্রেক্ষাগৃহের লড়াই জমে উঠেছে দুই ভিন্ন মঞ্চে—সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে।