Image description

মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন পোশাকশ্রমিকরা। অস্থিরতা দেখা দিয়েছে ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলার বড় শিল্পাঞ্চলে। সময়মতো পণ্য সরবরাহ নিয়ে আশঙ্কা থাকায় এরই মধ্যে বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ প্রতিযোগী অন্যান্য দেশে সরিয়ে নিতে শুরু করেছেন খাতটির বিদেশি ক্রেতাদের একাংশ।

পোশাক খাতে বিদ্যমান ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয় ২০২৩ সালে। ওই সময় থেকে এ পর্যন্ত উচ্চ মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে বিদ্যমান বেতন কাঠামো জীবনযাপনের জন্য অপর্যাপ্ত বিবেচনায় ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন পোশাক খাতের শ্রমিকরা। এ আন্দোলন চলাকালে দেশের বড় দুই শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় বেশ কিছু সংঘাতের ঘটনা ঘটেছে। বন্ধ রাখা হয়েছে বেশ কিছু পোশাক কারখানা।

খাতটির উদ্যোক্তাদের দাবি, চলমান পরিস্থিতিতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যমান ক্রয়াদেশগুলো নিয়েও ঝুঁকি রয়েছে। রপ্তানি আদেশ ধরে রাখতে কারখানাগুলোকে এখন ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড়ের পাশাপাশি ক্রয়াদেশ বাতিলের মত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

 

দেশের রপ্তানি খাতে তৈরি পোশাকের অবদান ৮৩ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৩৫ লাখ ডলারের। এর মধ্যে শুধু তৈরি পোশাকই রপ্তানি হয়েছে ৪ হাজার ১৯ কোটি ১৩ লাখ ডলারের।

 

ক্রেতা ব্র্যান্ডগুলো এখন বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও শ্রীলংকার মতো দেশগুলোর কারখানায় স্থানান্তর করছে বলে জানিয়েছেন রপ্তানিকারক ও বায়িং হাউজের কর্মকর্তারা। মূলত সরবরাহ ব্যবস্থার প্রতিবন্ধকতাগুলোকে এড়ানোর তাগিদ থেকেই ক্রেতারা এমন পদক্ষেপ নিচ্ছে বলে অভিমত তাদের।

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) থেকে রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যার মূল্য প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার।

দেশের রপ্তানি খাতে তৈরি পোশাকের অবদান ৮৩ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪ হাজার ৮৩৮ কোটি ৩৫ লাখ ডলারের। এর মধ্যে শুধু তৈরি পোশাকই রপ্তানি হয়েছে ৪ হাজার ১৯ কোটি ১৩ লাখ ডলারের।

কয়েক সপ্তাহ ধরে চলমান অসন্তোষে গোটা খাতেই অনিশ্চয়তা ও ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করছেন পোশাক খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা ও শীর্ষ ব্যবস্থাপকরা। এ অনিশ্চয়তা ও ঝুঁকির কারণেই আসন্ন শীত ও গ্রীষ্ম মৌসুমের অনেক ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা।

ঢাকার টেকসই পোশাক উৎপাদনকারী ও সোর্সিং প্লাটফর্ম ক্লথস ‘আর’ আস (সিআরইউ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কিয়াও সেইন থেই ডলি জানান, শ্রম অসন্তোষের কারণে কোম্পানিটির অনেক আন্তর্জাতিক গ্রাহক নির্ধারিত সফর বাতিল করেছেন।

তবে এসব গ্রাহক সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন তিনি। তার আশঙ্কা ‘আগামী দিনগুলোয় চলমান পরিস্থিতির প্রভাব আরো বড় হতে পারে।’

ফ্রান্সভিত্তিক পোশাক ব্র্যান্ড সেলিওর একজন নির্বাহী জানান, প্রতিষ্ঠানটির অনেক ক্রয়াদেশ আশুলিয়ার কারখানায় আগামী গ্রীষ্ম মৌসুমের জন্য উৎপাদনের প্রক্রিয়ায় রয়েছে। তবে চলমান পরিস্থিতির কারণে এগুলো রপ্তানিতে বিলম্ব হতে পারে।

 

বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) থেকে রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরই মধ্যে ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের ক্রয়াদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে, যার মূল্য প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলার।

 

এইচঅ্যান্ডএমের উপদেষ্টা এবং ঢাকার পরামর্শক প্রতিষ্ঠান ডায়ালগ পার্টনারসের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বলেন, ‘২০ -২৫ শতাংশ কারখানায় উৎপাদন বিঘ্নিত হলেই আন্তর্জাতিক ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যায়। ভারত ও পাকিস্তানের মতো প্রতিযোগী দেশগুলো এ পরিস্থিতিতে নিজেদের ক্রয়াদেশ বাড়ানোর সুযোগ খুঁজছে।’

এইচঅ্যান্ডএমের বাংলাদেশ, পাকিস্তান ও ইথিওপিয়ার সাবেক আঞ্চলিক প্রধান জিয়াউর রহমান বলেন, ‘শ্রমিকরা হলেন শিল্পের মূল ভিত্তি। ন্যূনতম মজুরি এমনভাবে নির্ধারণ হওয়া উচিত, যা তাদের কাছে গ্রহণযোগ্য হবে।’

বর্তমান পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলংকার অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসছেন পোশাক খাতসংশ্লিষ্টরা। আশির দশকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে দেশটির দ্রুত সম্প্রসারণশীল পোশাক খাতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হয়ে বাংলাদেশসহ অন্যান্য দেশে ক্রয়াদেশ সরিয়ে নিতে থাকেন।

বাংলাদেশেও এমন পরিস্থিতির পুনরাবৃত্তির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি আবদুল হামিদ বলেন, ‘শ্রমিক অসন্তোষের কারণে সরিয়ে নেয়া ক্রয়াদেশের পরিমাণ সুনির্দিষ্টভাবে নিরূপণ করা কঠিন। খাতটি আগে থেকেই জ্বালানি সংকট, তুলার মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়া এবং তীব্র বৈশ্বিক প্রতিযোগিতার মতো সমস্যায় জর্জরিত। চলমান পরিস্থিতিতে এ সংকট আরো বড় হয়ে দেখা দিয়েছে।’