Image description

একসময় পারিবারিক আড্ডা কিংবা অবসর কাটানোর অন্যতম অনুষঙ্গ ছিল কাগজের লুডু বোর্ড। ছক্কা ফেলার সঙ্গে সঙ্গে জমে উঠত খেলার উত্তেজনা। কারও গুটি কাটা পড়লে হাসি-ঠাট্টা, আবার ছক্কা পেলে উচ্ছ্বাসে মেতে উঠতেন খেলোয়াড়েরা। রঙিন বোর্ড ঘিরে এমন আনন্দে একসময় মেতে উঠত পরিবারের ছোট-বড় সবাই।

Ludo-boards
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/টাইমস

সময় বদলেছে। নগরজীবনের ব্যস্ততা আর স্মার্টফোনের বিস্তারে সেই চেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে। কাগজের বোর্ডের জায়গা নিয়েছে মোবাইলের পর্দা। কয়েকটি স্পর্শেই এখন বোর্ড সাজানো, ছক্কা ফেলা আর গুটি চালার কাজ সেরে নেওয়া যায়। ফলে ধীরে ধীরে কমেছে কাগজের লুডু বোর্ডের চাহিদা।

তবে প্রযুক্তির এই পরিবর্তনের মধ্যেও পুরোনো ঐতিহ্য ধরে রেখেছে পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরার একটি কারখানা। সেখানে এখনো তৈরি হচ্ছে কাগজের লুডু বোর্ড। প্রতিদিন পাইকারি দামে শত শত বোর্ড কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। পরে সেগুলো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকার দোকান ও অস্থায়ী সড়কপাশের বিক্রয়কেন্দ্রে।

Ludo-boards-2
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/টাইমস

কারখানাটির একটি ম্লান আলোয় ঘেরা ঘরে ঢুকলেই চোখে পড়ে মেঝেজুড়ে শুকনো আঠার দাগ। বছরের পর বছর ধরে চলা শ্রম আর ব্যস্ততার নীরব সাক্ষী যেন এসব দাগ। এখানেই শুরু হয় লুডু বোর্ড তৈরির কাজ।

প্রথমে কাটার যন্ত্রের সাহায্যে প্রয়োজনীয় মাপ অনুযায়ী কাগজ কেটে নেওয়া হয়। এরপর দুটি অংশ কাপড় দিয়ে জোড়া লাগানো হয়। মোটা ধূসর হার্ডবোর্ডের দুই পাশে লাগানো হয় উজ্জ্বল ও গাঢ় রঙের নকশা করা কাগজ। এক পাশে থাকে পরিচিত লুডুর ছক, চার রঙের ঘর ও ৭২টি খোপ। অন্য পাশে সাপলুডুর নকশা।

Ludo-boards-3
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/টাইমস

কাগজ লাগানোর পর বোর্ডগুলো চাপ দিয়ে শক্ত ও মজবুত করা হয়। এরপর শুকানোর জন্য নিয়ে যাওয়া হয় খোলা জায়গায়। কারখানার ছাদজুড়ে সারি সারি করে বিছিয়ে রাখা হয় লাল, হলুদ, নীল ও সবুজ রঙের বোর্ড। দূর থেকে রোদে শুকাতে দেওয়া এসব বোর্ড দেখতে যেন বিশাল এক নকশিকাঁথা।

শুকিয়ে গেলে বোর্ডের সঙ্গে খেলার গুটি প্যাকেটজাত করা হয়। এরপর সেগুলো বাজারে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়। এভাবেই প্রতিদিন তৈরি হয় শত শত লুডু বোর্ড।

একসময় এই কারখানায় কাজের চাপ সামলাতে হিমশিম খেতে হতো শ্রমিকদের। চাহিদা মেটাতে প্রয়োজন হতো অনেক কারিগরের। কিন্তু মোবাইল ফোনে লুডু খেলার জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যেতে থাকে পরিস্থিতি।

Ludo-boards-4
ছবি: কাজী আরিফুজ্জামান রোজেল/টাইমস

কারখানার এক শ্রমিক বলেন, ‘আগে এখানে ২০ থেকে ৩০ জন কাজ করতেন। ধীরে ধীরে কারিগরের সংখ্যা কমতে শুরু করে। লুডুর ব্যবসা খারাপ হতে থাকায় শ্রমিকের সংখ্যাও কমে গেছে।’

 

উৎপাদনের হিসাবেও স্পষ্ট সেই পরিবর্তন। ওই শ্রমিক জানান, একসময় প্রতিদিন পাঁচ হাজারের বেশি লুডু বোর্ড তৈরি হতো কারখানাটিতে। এখন তা কমে দাঁড়িয়েছে ৫০০ থেকে এক হাজারে।

উৎপাদন কমার সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা বেড়েছে কারিগরদের জীবনেও। অনেকের পক্ষে এই কাজের আয় দিয়ে পরিবারের দুবেলা খাবারের সংস্থান করাও কঠিন হয়ে পড়েছে। সংসারের খরচ মেটাতে কেউ কেউ দিনের বেলায় লুডু বোর্ড তৈরির কাজ করেন, আবার রাতে বাড়তি আয়ের জন্য অন্য কাজেও যুক্ত হন।

একসময় যে বোর্ড ঘিরে পরিবারের সদস্যদের হাসি-আনন্দে মেতে ওঠার সুযোগ তৈরি হতো, সেই বোর্ড তৈরির কারিগরদের জীবনেই এখন অনিশ্চয়তার ছায়া। প্রযুক্তির বদলে যাওয়া অভ্যাসে হারিয়ে যাচ্ছে তাদের দীর্ঘদিনের কাজের বাজার।

লুডুর খেলায় ছক্কা পড়লে গুটি এগিয়ে যায়, আবার কখনো প্রতিপক্ষের গুটির আঘাতে ফিরে যেতে হয় ঘরে। কিন্তু পুরান ঢাকার এই কারিগরদের জীবনে ভালো দিনের সেই ছক্কা কবে পড়বে, তার উত্তর জানা নেই কারও।