নোয়াখালীর হাতিয়া উপজেলায় কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে নেওয়া প্রায় ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তেল পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও উদ্ধার করা হয়।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম।
কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১০০ লিটার ডিজেল এবং একটি কাঠের বোট জব্দ করা হয়।
লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানিয়েছেন, জব্দ করা তেল ও কাঠের বোট আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।