গত আগস্টে বাংলাদেশের কাছে প্রথমবারের মতো টেস্ট হেরেছে পাকিস্তান। সেটাও ঘরের মাঠে। এ থেকে শিক্ষা নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে পুরোপুরি ব্যাটিং উইকেট বানিয়েছিল তারা। এবং ইংল্যান্ডের বাজবলের সামনে নতজানু হয়ে হয়ে হার মানে তারা। এরপর মূল শিক্ষা পেয়ে ভয়ংকর স্পিন উইকেট বানিয়ে টানা দুই ম্যাচ জিতে নিয়েছিলেন শান মাসুদরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও একই ফর্মুলায় হেঁটেছে পাকিস্তান। এবং মুলতানে প্রথম টেস্ট হেসে-খেলে জিতেছে তারা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিয়েছে, শিক্ষাটা কাজে লাগাতে জানে তারা। মুলতানের ভয়ংকর স্পিন উইকেটে স্বাগতিকদেরই নাস্তানাবুদ করেছে তারা। ১২০ রানে দ্বিতীয় টেস্ট জিতে সমতায় শেষ করেছে সিরিজ।
এমনিতেই পাকিস্তানের মাটিতে জয়ের স্বাদ কী, সেটা ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ইতিহাসেই এর আগে মাত্র চারবার পাকিস্তানের মাটিতে জয়ের দেখা পেয়েছে তারা। এর মধ্যে এমন ভয়ংকর স্পিন উইকেটে প্রথম দিনে ৩৮ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। প্রথম সেশনেই গুটিয়ে যাওয়ার অস্বস্তিতেও পড়েছিল।
সেখান থেকেই দুর্দান্ত প্রত্যাবর্তন তাদের। স্পিনাররা প্রথমে ব্যাট হাতে লড়েছেন, পরে মূল কাজটাও করেছেন। তাতে ৩৫ বছর পর পাকিস্তানের মাটিতে জয় পেল তারা।
৩৮ রানে ৭ উইকেট হারানো দলকে ১৬৩ রান এনে দিয়েছিলেন দুই বাঁহাতি স্পিনার গুড়াকেশ মোতি (৫৫) ও জোমেল ওয়ারিকান (৩৬*)। পরে পাকিস্তানকে ১৫৪ রানে গুটিয়ে দিতে দুজনে নিয়েছিলেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে তুলনামূলক ভালো শুরু করলেও ১৪৫ রানে ষষ্ট উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা।
পরে তিন স্পিনার কেভিন সিনক্লিয়ার (২৮), মোতি (১৮) ও ওয়ারিকান (১৮) আবার লড়াই করে ২৪৪ রান এনে দেন। ২৫৪ রানের লক্ষ্যে গতকালই ৪ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। আজ তৃতীয় দিনে প্রথম সেশনও পার করতে পারেনি স্বাগতিক দল। ৫৭ রান তুলতেই বাকি ৬ উইকেট হারিয়ে ফেলে তারা। ১০ উইকেটই গেছে উইন্ডিজের তিন স্পিনারের কাছে। কেমার রোচকে বল হাতে নিতে হয়নি। ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন ওয়ারিকান, মোতি নিয়েছেন ২ উইকেট, সিনক্লেয়ার নিয়েছেন ৩ উইকেট।
দুই ইনিংস মিলিয়ে ৫৪ রানের সঙ্গে বল হাতে ৭০ রানে ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরা ওয়ারিকান। সিরিজে ১৯ উইকেট নিয়ে সিরিজেরও সেরা উইন্ডিজ বাঁহাতি স্পিনার।
১৯ উইকেট নিয়ে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচ সিরিজে প্রতিপক্ষের কোনো স্পিনারের সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন ওয়ারিকান। আর সিরিজে ৬৯ উইকেটই নিয়েছেন স্পিনাররা। দুই ম্যাচ সিরিজের ক্ষেত্রে এটা বিশ্বরেকর্ড। ২০২১ সালে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ৬৭ উইকেট নিয়েছিলেন স্পিনাররা।
এই হারে এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ সবার নিচে শেষ করল পাকিস্তান। আটে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, আর সাতে আছে বাংলাদেশ।