Image description
বাজারে আসার আগেই শঙ্কা দেখা দিয়েছে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স ও আইফোন আল্ট্রার উৎপাদন নিয়ে। বিশেষ করে স্ট্যান্ডার্ড আইফোন ১৮-এর বাজারে আসা ২০২৭ সাল পর্যন্ত পিছিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে প্রিমিয়াম মডেলগুলোর চাহিদা আরও বাড়তে পারে। তাই ক্রেতাদের প্রি-অর্ডার শুরুর আগেই প্রস্তুত থাকার পরামর্শ দেয়া হয়েছে।
 
শনিবার (৮ আগস্ট) ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে বাজারে আসার কথা থাকা অ্যাপলের পণ্য তিনটির সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে।
 
সেমিকন্ডাক্টর বিশ্লেষক টিম কালপানের মতে, অ্যাপল বর্তমানে ডিআরএএম (DRAM) মেমোরি চিপ সংগ্রহে হিমশিম খাচ্ছে, যার কারণে উৎপাদন বিলম্বিত হচ্ছে। এই মেমোরি চিপের সংকটের কারণে আনুমানিক ১০০ কোটি ডলার মূল্যের অ্যাপল প্রসেসর বর্তমানে টিএসএমসিতে (TSMC) আটকে আছে এবং সেগুলো চূড়ান্ত প্যাকেজিংয়ের ধাপে যেতে পারছে না।
 
অ্যাপল তার শক্তিশালী সরবরাহ ব্যবস্থাপনার জন্য পরিচিত হলেও, এই পরিস্থিতির কারণে নতুন আইফোনগুলোর আগের যেকোনো সময়ের তুলনায় দ্রুত স্টক শেষ হয়ে যেতে পারে এবং ক্রেতাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।