ফেসবুকে বিভ্রাটের কারণে বাংলাদেশের ব্যবহারকারীদের একাংশ ভোগান্তিতে পড়েছেন।
আজ রোববার দুপুর থেকে বিশেষ করে ডেস্কটপে ফেসবুক ব্যবহারকারীরা লগইন, নিউজফিড দেখা ও বিভিন্ন ফিচার ব্যবহারে সমস্যার অভিযোগ করছেন। তবে মোবাইল অ্যাপে এমন সমস্যা তুলনামূলক কম দেখা যাচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে আজ বেলা আড়াইটার দিকে ডেস্কটপে ফেসবুক খুলতে গেলে ‘অ্যাকাউন্ট টেম্পোরারি আনএভেইলেবেল’– বার্তা এসেছে বলে জানান এক ব্যবহারকারী। তাঁর নাম সাইফুল সামিন। তিনি একজন গণমাধ্যমকর্মী।
ফেসবুক খুলতে গেলে সাইটের সমস্যার কারণে অ্যাকাউন্ট ব্যবহার করা যাচ্ছে না এমন একটি বার্তা পাওয়া যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে জানানো হয়েছে।
বিভ্রাট পর্যবেক্ষণকারী সেবা ডাউনডিটেক্টরেও আজ ফেসবুক-সংক্রান্ত অভিযোগ দ্রুত বাড়তে দেখা গেছে। ব্যবহারকারীরা জানিয়েছেন, ফেসবুকের ওয়েব সংস্করণে প্রবেশ, নিউজফিড লোড হওয়া এবং বিভিন্ন ফিচার ব্যবহার করতে গিয়ে সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে পেজ লোড হতে সময় লাগছে বা লগইন করা যাচ্ছে না।
বাংলাদেশের বিভিন্ন ব্যবহারকারীও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অনেকেই বলছেন, কম্পিউটার বা ল্যাপটপে ফেসবুক ঠিকভাবে ব্যবহার করা না গেলেও মোবাইল অ্যাপে তুলনামূলকভাবে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।
গত মাসের ১২ তারিখেও ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। ওইদিন সন্ধ্যা থেকে লগ-ইন করতে না পারা, নিউজ ফিড আপডেট না হওয়া এবং মেসেঞ্জার অটো লগআউট হয়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা। সেদিন রাত সাড়ে আটটার কিছু আগে ফেসবুক সচল হওয়া শুরু হয়।