লিওনেল মেসির হাত ধরে ব্যাপক উন্নতি হয়েছে আমেরিকার মেজর লিগ সকারের (এমএলএস)। ইতিহাসগড়া সময় পার করছে তার ক্লাব ইন্টার মায়ামিও। নিজেদের ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি। মায়ামির দুই মালিক জর্জ মাস ও ডেভিড বেকহ্যামের জন্যও এই মুহূর্তটা ঐতিহাসিক। যুক্তরাষ্ট্রের রীতি অনুসারে চ্যাম্পিয়নশিপ পাওয়া মেসিসহ পুরো ইন্টার মায়ামিকে অভ্যর্থনা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল (বৃহস্পতিবার) হোয়াইট হাউজে তাদের অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। যেখানে দলটির প্রধান তারকা মেসিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে তার প্রশংসা করেন ট্রাম্প। এ সময় ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জ মাসের সঙ্গে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা মায়ামির একটি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এ ছাড়া মায়ামির মালিক ও কোচ হাভিয়ের মাশ্চেরানোর কাছ থেকে জার্সি ও ঘড়ি উপহার পান ট্রাম্প। তবে ওই অনুষ্ঠানে ছিলেন না মায়ামির সহ-মালিক ও ইংলিশ কিংবদন্তি বেকহ্যাম।
বেকহ্যাম কেন তার ক্লাবকে দেওয়া বর্ণাঢ্য সংবর্ধনায় ছিলেন না তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এর নেপথ্য কারণ জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের তথ্যমতে– হোয়াইট হাউজ অফিসিয়ালরা নিশ্চিত করেছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের আইকন (বেকহ্যাম) বর্তমানে পরিবারের সঙ্গে ইউরোপে আছেন। সেখানে স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের পূর্বনির্ধারিত ফ্যাশন শোতে সময় দিচ্ছেন তিনি।
ডেভিড বেকহ্যাম স্ত্রীর পেশাদার কাজে উপস্থিত থেকে উৎসাহ দেওয়ার নজির আগে থেকেই রয়েছে। স্বাভাবিকভাবে এখনও আন্তর্জাতিক ফ্যাশন সার্কিটে ভিক্টোরিয়ার ব্র্যান্ড প্রসারের কাজে গুরুত্বের সঙ্গে সময় দিচ্ছেন তিনি। ফলে মায়ামির অন্য মালিকদের ট্রাম্পের অভ্যর্থনা অনুষ্ঠানে পাঠালেও তিনি রয়েছে আমেরিকার বাইরে। উত্তর আমেরিকান ফুটবলে বেকহ্যামের অবদান অনেক, যেখানে তার শুরুটা হয় এলএ গ্যালাক্সির হয়ে খেলার মাধ্যমে। পরবর্তীতে ফ্লোরিডায় মায়ামি ক্লাবের যাত্রা শুরু করেন কয়েকজন মিলে। মেসিকে পিএসজি থেকে গোলাপি জার্সিধারীদের দলে ভেড়ানোর মধ্য দিয়ে তাদের অনন্য উচ্চতায় নেওয়ার পেছনেও বড় অবদান বেকহ্যামের।
এদিকে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে এমএলএসের শিরোপা জেতে ইন্টার মায়ামি। যার প্রতিক্রিয়ায় সেটিকে ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত বলে উল্লেখ করেন বেকহ্যাম, ‘আমার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত হচ্ছে খেলোয়াড় হবে এটি (এমএলএস) জয় এবং এবার মালিক হিসেবে জিতলাম। এমএলএসে আমরা সেরা তারকাকে (মেসি) নিয়ে এসেছি এবং এরপর সাফল্যও ধরা দিলো আমাদের হাতে। এই রাত এমন এক রাত যা আমি কখনও ভুলব না।’