টি-টুয়েন্টি বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিম্বাবুয়েকে সুপার এইটে তুলেছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র্যাঙ্কিং তালিকায় টি-টুয়েন্টিতে অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন রাজা।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়েকে ৪৫ রানের ইনিংস খেলে জয় এনে দেন রাজা । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছেন ২৭ রানের ইনিংস। পাকিস্তানের সাইম আইয়ুবকে দুইয়ে ফেলে শীর্ষস্থানে উঠে এসেছেন তিনি। তাঁর রেটিং পয়েন্ট ২৯৪। সাইম আইয়ুবের রেটিং পয়েন্ট ২৮১। এই দুই খেলোয়াড়ের মধ্যে সম্প্রতি একাধিকবার অলরাউন্ডারদের শীর্ষস্থান রদবদল হয়েছে। দুই ধাপ এগিয়ে ভারতের শিবম দুবে উঠে এসেছেন সাতে। আফগানিস্তানের মোহাম্মদ নবী তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন আটে।
টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বড় ইনিংসের দেখা পাননি ভারতের ওপেনার অভিষেক শর্মা। গ্রুপ পর্বে তিন ম্যাচেই শূন্য রানে আউট হয়েছে এই ওপেনার। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রানে আউট হয়েছেন। অভিষেক বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও এ সংস্করণে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ফিল সল্টের সঙ্গে তাঁর ৬১ পয়েন্টের ব্যবধান।
টি-টুয়েন্টি বিশ্বকাপের এ পথ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান দুই ধাপ এগিয়ে অবস্থান করছেন তৃতীয় স্থানে। তিন ধাপ এগিয়ে ভারতের ঈশান কিষান অবস্থান করছেন পাঁচে, ১০ ধাপ উন্নতি করে নয়ে অবস্থান করছেন দক্ষিণ আফ্রিকার ডেভাল্দ ব্রেভিস। গতকাল পাকিস্তানের বিপক্ষে সুপার এইটে সেঞ্চুরি করে জেতানো ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১০ ধাপ উন্নতি করে অবস্থান করছেন ১৮তম অবস্থানে।
টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের স্পিনার বরুন চক্রবর্তী। তবে দক্ষিণ আফ্রিকার হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নেওয়া পেসার করবিন বশ ২১ ধাপ এগিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন। সাতে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ পেসার ম্যাথু ফোর্ড এগিয়েছেন ২৩ ধাপ। ৭ ধাপ এগিয়ে আটে অবস্থান করছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা। যৌথভাবে ২১তম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের স্পিনার গুদাকেশ মোতি এগিয়েছেন ১৭ ধাপ।
আরটিএনএন