আসন্ন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৭–২০২৯) পরবর্তী চক্রে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। আইসিসি ২০২৭–২০৩১ ভবিষ্যৎ সফর পরিকল্পনা (এফটিপি) নিয়ে সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভা ও পরবর্তী খসড়া সূচি অনুযায়ী আগামী চক্রে টেস্ট খেলতে বাংলাদেশে আসতে পারে অস্ট্রেলিয়া। পাশাপাশি ভারতের মাটিতেও টেস্ট সিরিজ খেলতে যাওয়ার কথা আছে বাংলাদেশের।
আগামী ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ সূচি প্রকাশ করবে আইসিসি। তার আগে ক্রিকেটবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদন এবং উইকিপিডিয়ায় প্রকাশিত ২০২৭–২০২৯ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাথমিক সূচি থেকে এই তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রস্তাবিত এফটিপি এফটিপি তালিকাতেও এই সিরিজগুলোর উল্লেখ রয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২০২৭–২০২৯ চক্রে অস্ট্রেলিয়া তাদের অ্যাওয়ে (বিদেশের মাটিতে) সিরিজের অংশ হিসেবে বাংলাদেশ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড সফর করবে। ২০২৮ সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশে এসে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে। উল্লেখ্য, চলতি ২০২৫–২০২৭ চক্রে বাংলাদেশ দল অস্ট্রেলিয়া সফর করে ২টি টেস্ট খেলেছিল। হোম অ্যান্ড অ্যাওয়ে রোটেশন নীতি অনুযায়ী এবার বাংলাদেশের আতিথ্য নেবে অজিরা।
অন্যদিকে, ২০২৭–২০২৯ চক্রের প্রস্তাবিত সূচিতে ভারতের হোম সিরিজের তালিকায় ইংল্যান্ড ও শ্রীলঙ্কার পাশাপাশি বাংলাদেশের নামও রয়েছে। চলতি ২০২৫–২০২৭ চক্রে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো টেস্ট সিরিজ না থাকায় আগামী চক্রে ভারতের মাটিতে গিয়ে বাংলাদেশের ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধরে নেওয়া হচ্ছে। এর আগে ২০২৪ সালে সর্বশেষ ভারত সফরে গিয়ে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
আইসিসির নিয়ম অনুযায়ী, সদস্য দেশগুলোর বোর্ড নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত চুক্তিতে স্বাক্ষর করার পর পূর্ণাঙ্গ দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে প্রাথমিক এফটিপি কাঠামোতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর এবং বাংলাদেশের ভারত সফরের বিষয়টি নিশ্চিতভাবেই জায়গা পেতে যাচ্ছে।