Image description

আগামী বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে মাঠে নামার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। জানুয়ারির মাঝামাঝি তুরস্কে লাল-সবুজের প্রতিনিধিদের বিপক্ষে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলতে চায় কিরগিজস্তান। এ লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আমন্ত্রণ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

সম্প্রতি পাওয়া এই প্রস্তাব নিয়ে গতকাল জাতীয় দল কমিটির সভায় আলোচনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির এক সদস্যকে দায়িত্ব দিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্ব শেষ হবে আগামী ১৬ জানুয়ারি। ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া লিগের এই পর্ব শেষে দলবদলের বিরতি থাকবে। সেই বিরতিকেই জাতীয় দলের ম্যাচ আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে বিবেচনা করছে ফেডারেশন।

তবে ম্যাচ দুটি ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় বিদেশি ক্লাবে খেলা ফুটবলারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে হামজা, ফারহান ও সামিতের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা কম।

এদিকে সিনিয়র জাতীয় দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে বাফুফের। সিনিয়র দল পাঠানো সম্ভব না হলে বয়সভিত্তিক দলকে তুরস্কে পাঠানোর বিকল্প ভাবনাও রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে তুরস্কের আবহাওয়া, কিরগিজস্তানের দেওয়া সুযোগ-সুবিধা এবং দলের প্রস্তুতির বিষয়গুলো পর্যালোচনা করবে ফেডারেশন।