ক্রিকেটের ব্যাট কারও কাছে নিছক খেলার সরঞ্জাম, আবার কারও কাছে এক জীবনের স্মৃতি। শচীন টেন্ডুলকারের কাছে তার প্রথম ক্রিকেট ব্যাটটি তেমনই এক আবেগের নাম। যে ব্যাট হাতে শৈশবে ক্রিকেটের পথে যাত্রা শুরু করেছিলেন, ৪৯ বছর পেরিয়েও সেটি আগলে রেখেছেন ভারতের এই কিংবদন্তি ক্রিকেটার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুটি ছবি প্রকাশ করে শৈশবের স্মৃতিতে ফিরে গেছেন টেন্ডুলকার। একটি ছবিতে ছোট্ট শচীনের হাতে দেখা যাচ্ছে তার প্রথম ক্রিকেট ব্যাট। অন্য ছবিতে ৫২ বছর বয়সী টেন্ডুলকারের হাতেও সেই একই ব্যাট। দুই ছবির মধ্যবর্তী সময় প্রায় ৪৯ বছর। সময় বদলেছে, বদলেছে মানুষটি, কিন্তু বদলায়নি শৈশবের সেই স্মৃতির সঙ্গী।
ছবির সঙ্গে টেন্ডুলকার লিখেছেন, ‘পেহলে ব্যাট কি বাত হ্যায়, ৪৯ সাল বাদ ভি মেরে সাথ হ্যায়!’ অর্থাৎ, প্রথম ব্যাটের কথা আলাদা, ৪৯ বছর পরও সেটি আমার সঙ্গে আছে।‘
শৈশবের সেই ছোট্ট ব্যাট থেকে শুরু করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানো টেন্ডুলকারের পথচলাটা ছিল অসংখ্য অর্জনে ভরা। আন্তর্জাতিক ক্রিকেটে শততম সেঞ্চুরি, ১০০ টেস্ট সেঞ্চুরি এবং অসংখ্য রেকর্ড তাকে নিয়ে গেছে কিংবদন্তির আসনে। তবে এত অর্জনের ভিড়েও নিজের ক্রিকেটজীবনের শুরুর দিনগুলোর স্মৃতি যে তার কাছে কতটা মূল্যবান, সেটিই যেন নতুন করে মনে করিয়ে দিল ছবিগুলো।
টেন্ডুলকারের পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্তরাও। একজন মন্তব্য করেছেন, ‘ছোট্ট শিশু থেকে ক্রিকেটের ঈশ্বর।’ আরেকজন লিখেছেন, প্রায় পাঁচ দশক ধরে প্রথম ব্যাটটি যত্ন করে রেখে দেওয়া তার ক্রিকেটের প্রতি ভালোবাসা ও নিবেদনেরই প্রমাণ।
নাগাল্যান্ডের মন্ত্রী তেমজেন ইমনা অ্যালংও মন্তব্য করেছেন পোস্টটিতে। তিনি লিখেছেন, ‘প্রথম ভালোবাসার অনুভূতিই আলাদা। আর যখন সেই ভালোবাসা ক্রিকেট, তখন আপনি আমাদের চিরকালের ক্রিকেটের ঈশ্বর।’
প্রকাশিত ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। পোস্টটি ১৩ লাখেরও বেশি ভিউ পেয়েছে।
ক্রিকেটের মাঠে অসংখ্য রেকর্ড গড়েছেন শচীন টেন্ডুলকার। কিন্তু ৪৯ বছর ধরে আগলে রাখা ছোট্ট একটি ব্যাট বুঝিয়ে দিল, সব অর্জনের শুরুতে থাকে কিছু সাধারণ অথচ অমূল্য স্মৃতি। সেই স্মৃতিই হয়তো আজও তার কাছে সবচেয়ে বিশেষ।