Image description

ক্রিকেট মাঠে এ দৃশ্য এখন একেবারেই দেখা যায় না। ভারত-পাকিস্তান মুখোমুখি হলেও অনেকদিন ধরেই দুদলের হাত মেলানো বন্ধ। ঢাকার মাটিতে সাফ ফুটবলে অবশ্য দেখা গেল ভিন্ন এক দৃশ্য। উদ্বোধনী ম্যাচের শুরুতেই হাত মিলিয়েছেন দুই দলের ফুটবলাররা।

সাফের এই আসরের প্রথম ম্যাচে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দেশের বৈরিতার কথা কারও অজানা নয়। বিশেষ করে গত বছরের এপ্রিলে কাশ্মীরের সেই হামলার পর থেকে ক্রিকেট মাঠে পাকিস্তানের সঙ্গে হাত মেলায়নি ভারত। এমনকি পাকিস্তানের মহসিন নাকভির হাত থেকে ট্রফিও নেয়নি তারা। পুরুষ তো বটেই, নারী ক্রিকেটেও ছিল একই দৃশ্য।

ক্রিকেটের মতো ফুটবলেও কি এমনটা হবে; সাফের আগে আলোচনায় ছিল এটাই। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাত মেলাতে কোনো আপত্তি নেই তাদের।

শেষ পর্যন্ত হয়েছেও সেটাই। উদ্বোধনী ম্যাচের শুরুতে হাত মেলান ভারত-পাকিস্তানের ফুটবলাররা।