২০২৬ সালের অক্টোবর মাসটি গিলবার্তো মোরার জীবনের অন্যতম স্মরণীয় সময় হয়ে থাকবে। বিশ্বজুড়ে সম্ভাবনাময় ১০ তরুণ ফুটবলারকে নিয়ে অ্যাডিডাসের বিশেষ প্রচারণা ‘মেসি +১০’-এ জায়গা পেয়েছেন মেক্সিকোর এই মিডফিল্ডার। তরুণ প্রতিভাদের মধ্য থেকে তাঁকে বেছে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
এই স্বীকৃতির সঙ্গে বিশেষ উপহারও পেয়েছেন মোরাহ। তাকে দেওয়া হয়েছে অ্যাডিডাসের ‘ফুতবল ই ফামিলিয়া’ সংস্করণের এক জোড়া এফ৫০ বুট। গোলাপি, সাদা ও কালো রঙের এই বুটের জিহ্বায় রয়েছে মেসির নিজস্ব লোগো।
মেসির বেছে নেওয়া এই প্রচারণায় জায়গা পেয়ে উচ্ছ্বসিত মেক্সিকান ক্লাব তিজুয়ানার এই ফুটবলার। ইনস্টাগ্রামে মেসি ও অ্যাডিডাসকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘মেসি +১০-এর অংশ হতে পারা সম্মানের। আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ মেসি ও অ্যাডিডাস ফুটবলকে। তোমার বুট পরে খেলতে পারা আমার স্বপ্ন পূরণের মতো।’
ক্যারিয়ারে এমন স্বীকৃতি পাওয়ার পাশাপাশি গত ১৪ অক্টোবর ১৮ বছরে পা দিয়েছেন মোরাহ। বয়স ১৮ হওয়ায় পেশাদার ফুটবলে তার সামনে খুলে গেছে নতুন সম্ভাবনার দুয়ার। এর মধ্যে ইউরোপের ফুটবলে পাড়ি জমানোর সম্ভাবনাও রয়েছে। মোরার পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তার ভক্তরা।