পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার ঘিরে তৈরি হওয়া বিতর্কের সঙ্গে কি মাইকেল আথারটন ও নাসের হুসেইনের বাদ পড়ার যোগসূত্র আছে? পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘোষিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে ইংল্যান্ডের সাবেক দুই অধিনায়কের নাম না থাকায় উঠেছে এমন প্রশ্ন। তবে তাঁদের বাদ পড়ার কারণ আনুষ্ঠানিকভাবে জানায়নি পিসিবি।
গত আগস্টে ইংল্যান্ড-পাকিস্তান লর্ডস টেস্ট চলাকালে স্কাই স্পোর্টসে ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমান খানের সাক্ষাৎকার প্রচারিত হয়। সাক্ষাৎকারটি নিয়েছিলেন আথারটন। সেখানে কারাবন্দী বাবার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাঁরা। বিষয়টি ভালোভাবে নেয়নি পিসিবি; স্কাই স্পোর্টসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানিয়েছিল সংস্থাটি।
পরে নাসের হুসেইনের সঙ্গে এক পডকাস্টে সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেন আথারটন। ইমরানের প্রতি আচরণ নিয়েও সমালোচনা করেন তিনি। এর আগে ইমরানের উন্নত চিকিৎসা ও মানবিক আচরণের দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেওয়া সাবেক অধিনায়কদের মধ্যেও ছিলেন আথারটন ও হুসেইন।
এই ঘটনার পর ত্রিদেশীয় সিরিজের ধারাভাষ্য প্যানেলে তাঁদের অনুপস্থিতি নতুন করে আলোচনা তৈরি করেছে। তবে সাক্ষাৎকারের কারণেই তাঁদের বাদ দেওয়া হয়েছে, এমন কোনো নিশ্চিত তথ্য নেই।
পিসিবির ঘোষিত ছয় সদস্যের প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনিস, আমির সোহেল, বাজিদ খান, উরুজ মুমতাজ, রোশান আবেসিংহে ও মার্ক বুচার। উপস্থাপনার দায়িত্বে থাকবেন জয়নব আব্বাস। সিরিজের ফাইনাল ৩১ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।