Image description

ডারউইনে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলেও বড় লাফ দিয়েছে টাইগাররা। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যে ভেন্যুতে টেস্ট অভিষেক হয়েছিল, সেই ডারউইনেই এবার পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা।

ঐতিহাসিক এই জয়ের পর ২০২৫-২৭ চক্রের টেবিলে বাংলাদেশের অবস্থান এখন চার নম্বরে। অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের শতকরা পয়েন্ট বেড়েছে। বর্তমান পয়েন্ট ৬৬ দশমিক ৬৭। আগের পয়েন্ট ছিল ৫৮ দশমিক ৩৩।

এদিকে দ্বিতীয় হারের পরও ৭৭ দশমিক ৭৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। তবে দুইয়ে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ব্যবধান কমেছে তাদের। দক্ষিণ আফ্রিকার পিসিটি ৭৫ দশমিক ০০।

৭২ দশমিক ২২ পিসিটি নিয়ে তৃতীয়স্থানে রয়েছে নিউজিল্যান্ড। তাদের পরেই বাংলাদেশের অবস্থান। অন্যদিকে ভারত ৪৮ দেশমিক ১৫ পয়েন্টে পাঁচ নম্বরে আছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশের সামনে এখন দ্বিতীয় টেস্ট। সেই ম্যাচেও জয় তুলে নিতে পারলে টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ থাকবে বাংলাদেশের।

উল্লেখ্য, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করে বাংলাদেশ। হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে তানজিদ তামিমের সেঞ্চুরি ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংসে ৪২৬ রান তুলে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ২২৮ রানের বিশাল লিড পায় সফরকারীরা।

দ্বিতীয় ইনিংসে ক্যামেরন গ্রিনের প্রতিরোধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ২৮৪ রানে থামে অজিরা। এতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭ রান। ছোট লক্ষ্য তাড়ায় সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে কোনো বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে। ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।