Image description

এই মৌসুমে ইংল্যান্ডের তৃতীয় বিভাগে খেলবে লেস্টার সিটি। এই ক্লাবেই আছেন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা ফুটবলার হামজা চৌধুরী। গুঞ্জন উঠেছে, নতুন মৌসুমে নতুন ক্লাবে পাড়ি জমাচ্ছেন তিনি। ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানে যাচ্ছেন হামজা, শোনা যাচ্ছে এমনটাই। আর সেখানে গিয়েই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমে ইতিহাস গড়তে পারেন হামজা।

আজারবাইজানের ক্রীড়া সংবাদমাধ্যম ‘অফসাইডপ্লাস’ এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, লেস্টার থেকে দেশটির শীর্ষ ক্লাব সাবাহ এফসিতে যোগ দিতে যাচ্ছেন ২৮ বছর বয়সী হামজা। তবে বিষয়টি এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি নয়। লেস্টার কিংবা সাবাহ এফসি কেউই এখন পর্যন্ত হামজার দলবদল নিয়ে কোনো ঘোষণা দেয়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। এরই মধ্যে সমঝোতায় পৌঁছেছেন হামজা। এই দলবদল সম্পন্ন হলে আগামী মৌসুমেই সাবাহ এফসির হয়ে খেলবেন তিনি।

এদিকে আজারবাইজান প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন সাবাহ এফসি এবার চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে খেলছে। প্রথম দুই রাউন্ড পেরিয়ে দলটি তৃতীয় বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। এই পর্ব পেরোতে পারলেই চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলবে সাবাহ। আর এই দলে যোগ দিলে ইউরোপের শীর্ষ এই টুর্নামেন্টে মাঠে নামতে পারেন হামজাও।

এই মুহূর্তে হামজার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো। শেষ পর্যন্ত সাবাহতে গেলে কত টাকায় যাবেন হামজা, সেটার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।