Image description

লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্যালান্টসকে ১৪ রানে হারিয়ে ফাইনালে উঠেছে জাফনা কিংস। রান বন্যার এই ম্যাচে ব্যাট হার দুর্দান্ত ছিলেন তাওহীদ হৃদয় এবং বল হাতে ১ উইকেট পেয়েছেন সাকিব আল হাসান।

কামিল মিশারার ৫৫ বলে ১০৮ রানের দানবীয় ইনিংসের উপর ভর করে ২ উইকেটে ২৪২ রান সংগ্রহ করে জাফনা। ১০টি চার ও ৭টি ছয়ের অপরাজিত ইনিংস খেলে মিশারা ম্যাচসেরা নির্বাচিত হন। খাজা নাফায় ৫৪ রান করে রানআউট হওয়ার পর ক্রিজে আসেন তাওহীদ।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তাওহীদ। তিন চার ও পাঁচ ছয়ের সাহায্যে তিনি ২১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। মিশারাকে সঙ্গে নিয়ে তিনি বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এবারের আসরে ৪ ম্যাচে তার মোট রান ১৪১। এর ভেতর ৩টি অপরাজিত ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।

জবাবে ৮ উইকেটে লড়াকু ২২৮ রান করতে সক্ষম হয় গল। তাদের হয়ে সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন স্যাম হার্পার। চামিকা করুণারত্নে আশা জাগালেও তার উইকেট তুলে নেন সাকিব। ৩ ওভার বল করে ৩৬ রান দিয়ে এটি তার একমাত্র শিকার। এই আসরে এটি তার নবম উইকেট। শেষদিকে গলের লোয়ার অর্ডার ব্যাটাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হননি।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে শনিবার কলম্বোতে।