জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার এখন নড়বড়ে। উয়েফার মত প্রভাবশালী সংস্থা তার প্রতি আস্থা হারানোর কথা বলেছে। কনকাকাফ থেকেও কড়া সমালোচনা করা হয়েছে ইনফান্তিনোর। এমন সময়েই ফিফা প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন।
বিতর্কিত 'ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ' প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়ার পর ইনফান্তিনোর সিদ্ধান্তের প্রশংসা করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন। জাতীয় অ্যাসোসিয়েশনগুলোর মধ্যে ঐক্যের গুরুত্ব তুলে ধরে সাধুবাদ জানায় তারা।
পাশাপাশি, প্রতিটি ফিফা সদস্য দেশের এককালীন ২ বিলিয়ন ডলার পাওয়ার কিছু ইতিবাচক দিক ছিল বলেও জানিয়েছে ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করা দেশটি। ইনফান্তিনোর প্রতি আস্থা কমার সময় তাদের এমন বিবৃতিটা গুরুত্বপূর্ণ।
তাদের বিবৃতিটা এরকম, ‘যদিও ফিফার এই প্রস্তাবটিতে বিচার-বিশ্লেষণ করার মতো কিছু ভালো দিক ছিল, তবুও বর্তমান সময়ে সব সদস্য জাতীয় অ্যাসোসিয়েশনের ধারাবাহিক ঐক্য বজায় রাখা এবং এই সিদ্ধান্তের পেছনের দুরদর্শিতাকে অগ্রাধিকার দেওয়াকে আমরা সাধুবাদ জানাই। কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা বিশ্বজুড়ে ফুটবলের বিকাশ ও প্রসারে সভাপতি ইনফান্তিনোর চলমান প্রচেষ্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করছি।’