ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলা বাংলাদেশের একমাত্র ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের গর্বের শেষ নেই। তবে এবার ইংলিশ ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আরো এক লাল-সবুজ প্রতিনিধিকে দেখার সম্ভাবনা জোরালো হচ্ছে। তিনি আর কেউ ননÑফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সি এই উইঙ্গার ইতোমধ্যেই ফুলহ্যামের মূল দলের জার্সিতে নিজের অভিষেকপর্ব সেরে ফেলেছেন।
নরউইচের বিপক্ষে শনিবার এক প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৪৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ফারহান। ম্যাচটিতে ফুলহ্যাম ২-০ গোলে হেরে গেলেও ফারহানের জন্য দিনটি ছিল ক্যারিয়ারের স্মরণীয় এক মুহূর্ত। স্প্যানিশ কোচ আলভারো আরবেলোয়ার অধীনে মূল দলে নিজের প্রথম সুযোগেই নজর কেড়েছেন। ম্যাচের এক পর্যায়ে ফারহানের নেওয়া একটি দুর্দান্ত বাঁকানো শট প্রতিপক্ষ গোলরক্ষকের বড় পরীক্ষা নেয়।
২০০৬ সালের ৯ ডিসেম্বর ইংল্যান্ডে জন্ম নেওয়া ফারহানের শিকড় বাংলাদেশের সিলেটে। লন্ডনের রাস্তায় ফুটবলের পাঠ শুরু করা ফারহান শৈশবে চেলসির একাডেমিতে যোগ দেন। পরে ২০১৯ সালে পশ্চিম লন্ডনের অন্যতম পরিচিত ক্লাব ফুলহ্যামের একাডেমিতে পাড়ি জমান।
‘ওয়ান-টু-ওয়ান’ ড্রিবলিংয়ে ভয়ডরহীন মানসিকতা, গতির সঙ্গে দারুণ টেকনিক্যাল দক্ষতা এবং কাট-ইন করে শট নেওয়ার সক্ষমতার জন্য অতি দ্রুতই কোচদের নজরে আসেন এই বাঁ প্রান্তের উইঙ্গার। ২০২৫-২৬ মৌসুমে ‘প্রিমিয়ার লিগ টু’তে চোখ ধাঁধানো পারফর্ম করে নভেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হন এবং মৌসুম শেষে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নেন।
ক্লাব ফুটবলে দ্রুত সাফল্য পাওয়া এ উইঙ্গারকে বাংলাদেশ জাতীয় দলে খেলাতে জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সহসভাপতি ফাহাদ করিম জানান, ফারহানের এজেন্টের আগ্রহ প্রকাশের পর ইতোমধ্যেই তার বাংলাদেশি পাসপোর্ট ও আনুষঙ্গিক কাগজপত্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে।
সবকিছু ঠিক থাকলে আসন্ন সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতেই তাকে লাল-সবুজ জার্সিতে দেখা যেতে পারে। এমনকি পরবর্তী সাফ চ্যাম্পিয়নশিপ স্কোয়াডেও তাকে শক্তিশালী অস্ত্র হিসেবে বিবেচনা করার কথা ভাবছে বাফুফে।
ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে এগিয়েছে ফারহানের ক্যারিয়ার। ২০২২ সালের ডিসেম্বরে এফএ ইয়ুথ কাপে অনূর্ধ্ব-১৮ দলের হয়ে অভিষেক হয় তার। ২০২৩ সালের জুলাইয়ে ফুলহ্যামের সঙ্গে স্বাক্ষর করেন অফিসিয়াল স্কলারশিপ চুক্তি। আর ২০২৪ সালের জানুয়ারিতে তার নাম অন্তর্ভুক্ত হয় ফুলহ্যামের অনূর্ধ্ব-২১ দলে। ২০২৫ সালে ফুলহ্যামের মূল একাডেমির সঙ্গে করেন প্রথম পেশাদার চুক্তি।