Image description

ভারতের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে নতুন করে আশার আলো দেখা দিয়েছে। তবে ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজ শেষ পর্যন্ত মাঠে গড়ালে বদলে যেতে পারে আফগানিস্তান ও ভারতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সূচি।

 

ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, ভারতের বিপক্ষে সিরিজটি অনুষ্ঠিত হবে বলে নিজেদের অংশীদারদের নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আপাতত ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর দিল্লিতে ম্যাচ তিনটি আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই সময়ে ভারতকে আতিথ্য দিতে চাইছে বলে তারিখগুলো এখনো চূড়ান্ত করা হয়নি।

 

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিপক্ষে ছয় ম্যাচের সিরিজ আয়োজন করা হবে। সেই পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৩ সেপ্টেম্বরই আফগানিস্তানের বিপক্ষে ভারতের প্রথম টি-টোয়েন্টি খেলা সম্ভব হবে না। সে ক্ষেত্রে সিরিজটি কয়েক দিন কিংবা আরও বেশি সময়ের জন্য পিছিয়ে দিতে হবে।

 

দীর্ঘদিন ধরে অনিশ্চয়তায় থাকা ভারতের বাংলাদেশ সফর নিয়ে সাম্প্রতিক ভূরাজনৈতিক ঘটনাপ্রবাহের পর সংশ্লিষ্ট মহলে নতুন আশার সঞ্চার হয়েছে। শুক্রবার ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশিত হয়। এই কূটনৈতিক অগ্রগতির পর ক্রিকেটীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

তবে সিরিজ আয়োজনের বিষয়ে এখনো দুই দেশের ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা আসেনি। সম্প্রচারস্বত্ব বিক্রির জন্য বিসিবির যে আগ্রহপত্র আহ্বান করার কথা ছিল, সেটিও এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। গত ১৪ জুলাই সেই প্রক্রিয়া স্থগিত রাখার কথা জানিয়েছিল ক্রিকবাজ।

 

ভারতীয় দল বাংলাদেশে আসবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশটির সরকারের পরামর্শ অনুসরণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে সম্ভাব্য সূচি প্রস্তুত থাকলেও সরকারি ছাড়পত্র না পাওয়া পর্যন্ত সিরিজ নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

 

ভারত-আফগানিস্তান সিরিজ দীর্ঘ সময়ের জন্য পিছিয়ে দেওয়ার সুযোগও সীমিত। ২৪ সেপ্টেম্বর শুরু হবে এশিয়ান গেমস। এরপর ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ রয়েছে। তাই বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজটি অনুষ্ঠিত হলে সেপ্টেম্বরের মাঝামাঝিতেই নতুন সময় বের করতে হবে দুই বোর্ডকে।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অনুপযোগী পরিস্থিতির কারণে আফগানিস্তান নিজেদের হোম সিরিজ সাধারণত নিরপেক্ষ ভেন্যুতে খেলে। প্রথমে সংযুক্ত আরব আমিরাতের শারজাহকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করা হলেও শেষ পর্যন্ত দিল্লিতেই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেয় দুই বোর্ড।

 

সিরিজটি অনুষ্ঠিত হলে প্রথমবারের মতো ভারতকে আতিথ্য দেবে আফগানিস্তান। তবে ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়ায় কাগজে-কলমে স্বাগতিক আফগানিস্তানই ভারতে গিয়ে ভারতীয় দলের বিপক্ষে খেলবে।

 

এই সিরিজের সম্প্রচারেও দেখা যাবে ভিন্ন চিত্র। আফগানিস্তান স্বাগতিক হওয়ায় ভারতের মাটিতে ম্যাচ হলেও জিওস্টারের কাছে স্বয়ংক্রিয়ভাবে সম্প্রচারস্বত্ব থাকবে না। ডিজিটাল স্বত্ব পেয়েছে ফ্যানকোড। টেলিভিশন সম্প্রচারস্বত্বের জন্য জি ও সনি স্পোর্টস সম্ভাব্য প্রতিযোগী হিসেবে রয়েছে।