বিশ্বকাপের শিরোপা ধরে রাখার শেষ লড়াইয়ের একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা। স্পেনের বিপক্ষে ফাইনালে ইংল্যান্ড ম্যাচের দল থেকে তিনটি পরিবর্তন এনেছেন লিওনেল স্কালোনি। সবচেয়ে বড় চমক, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় একাদশে নেই লিয়ান্দ্রো পারদেস।
রোববার দিবাগত রাত ১টায় নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগে স্কালোনির চূড়ান্ত করা একাদশে জায়গা পেয়েছেন গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দে পল ও নিকোলাস গঞ্জালেস। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন নাহুয়েল মোলিনা, জিউলিয়ানো সিমিওনে ও পারদেস।
রাইটব্যাকে মোলিনার পরিবর্তে খেলবেন মন্তিয়েল। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মোলিনার দিক দিয়েই গোলটি হজম করেছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে তার জায়গায় নেমে রক্ষণ ও আক্রমণ দুই ক্ষেত্রেই ভালো করেন মন্তিয়েল। সেই পারফরম্যান্সেই বিশ্বকাপ ফাইনালের একাদশে জায়গা করে নিয়েছেন রিভার প্লেটের এই ডিফেন্ডার।
মাঝমাঠে ফিরেছেন দে পল। ইংল্যান্ড ম্যাচে তাঁকে বেঞ্চে রেখে জিউলিয়ানোকে খেলিয়েছিলেন স্কালোনি। তবে বদলি হিসেবে নেমে আর্জেন্টিনার খেলার গতি বদলে দেওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও সুযোগ পেয়েছেন মেসির দীর্ঘদিনের এই সতীর্থ।
সবচেয়ে বড় পরিবর্তনটি পারদেসকে ঘিরে। শতভাগ ফিট না থাকায় তাকে একাদশের বাইরে রেখেছেন স্কালোনি। তার পরিবর্তে নিকোলাস গঞ্জালেসকে খেলানোয় আর্জেন্টিনার মাঝমাঠ আরও আক্রমণাত্মক হচ্ছে।
আক্রমণে লিওনেল মেসির সঙ্গী হিসেবে থাকছেন হুলিয়ান আলভারেস। ইংল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করা লাউতারো মার্তিনেজকে আবারও বেঞ্চ থেকেই শুরু করতে হবে।
আর্জেন্টিনার একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেস; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।