টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিততে না পারার হতাশা ব্রাজিলিয়ান সমর্থকদের মনে জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে গভীর সংশয় তৈরি করেছে। নকআউট পর্বে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর সামাজিক মাধ্যমে শুরু হওয়া আলোচনা নিয়ে করা এক গবেষণায় দেখা গেছে, ৪১ শতাংশ মানুষ মনে করছেন তাদের দেশ আর কখনোই বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবে না।
গবেষণা প্রতিষ্ঠান ‘অরবিট ডাটা সায়েন্স’ এক্স, ইনস্টাগ্রাম ও টিকটকের ৭ হাজার ৮৫৫টি পাবলিক পোস্ট বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে।
গবেষণায় দেখা গেছে, দলের ভবিষ্যৎ নিয়ে ৫৪ শতাংশ মানুষ নেতিবাচক এবং ৪৬ শতাংশ ইতিবাচক মন্তব্য করেছেন। ৪১ শতাংশের চরম হতাশার পাশাপাশি আরও ১৩ শতাংশ মানুষ সংশয় প্রকাশ করে বলেছেন, তারা নিজেদের জীবদ্দশায় ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ (হেক্সা) জয় দেখে যেতে পারবেন কি না!
বেদনার বিশ্বকাপ ব্রাজিলিয়ান তারকা নেইমারের- রয়টার্সবিদায়ের পর সমর্থকদের সমালোচনার মূল লক্ষ্য ছিলেন খেলোয়াড় ও কোচিং স্টাফ। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে পাকেতার (১৯ শতাংশ) এবং টাইব্রেকারে পেনাল্টি মিস করা ব্রুনো গুইমারেসের (৭ শতাংশ)। এ ছাড়া বিদেশি কোচ কার্লো আনচেলত্তির বিদায় দাবি করেছেন ১২ শতাংশ সমর্থক। টাইব্রেকারে ভিনিসিয়ুস জুনিয়রের পেনাল্টি না নেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
তবে এই বিদায় দলের ভেতর একটি বড় প্রজন্মের পরিবর্তনকেও ত্বরান্বিত করেছে। বিশ্বকাপকে বিদায় জানানো নেইমারের অধ্যায় শেষ হওয়ায় যেমন ৩২ শতাংশ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন, তেমনি তরুণ ফরোয়ার্ড এনড্রিককে ঘিরে ১৯ শতাংশ মানুষ ভবিষ্যতের নতুন আশার আলো দেখছেন।
এনড্রিকের পাশাপাশি ভিনিসিয়ুস ও মার্টিনেল্লিকে আগামী ২০৩০ বিশ্বকাপের মূল কাণ্ডারি ভাবছেন সমর্থকরা। আশাবাদী মানুষদের ১৭ শতাংশ আগামী ২০৩০ বিশ্বকাপে হেক্সা জয়ের স্বপ্ন দেখছেন, আর ১৬ শতাংশ সমর্থক ব্রাজিলের মাটিতে হতে যাওয়া ২০২৭ সালের নারী বিশ্বকাপকে দেশের ফুটবলের ঘুরে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে বেছে নিয়েছেন।