বিশ্বকাপের শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে আলোচিত বিষয় নেইমার জুনিয়রের একাদশে থাকা না থাকা। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও তিনি শুরু থেকেই খেলবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, নেইমার এখন পুরোপুরি খেলার জন্য প্রস্তুত। তবে তাকে কতক্ষণ মাঠে রাখা হবে, সেটি ম্যাচের পরিস্থিতি ও দলের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করা হবে।
তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সে খেলার জন্য প্রস্তুত। কতক্ষণ খেলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। যখনই মনে করব দলের ওকে প্রয়োজন, তখনই সে মাঠে নামবে।
নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রকে একসঙ্গে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি ব্রাজিল কোচ। তিনি বলেন, নেইমার ও ভিনি একসঙ্গে খেলতে পারে। আমি মনে করি, তারা একসঙ্গেই খেলবে।
জাপানের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচেও নেইমারকে নামানোর পরিকল্পনা ছিল ব্রাজিলের। তবে ম্যাচের পরিস্থিতি বদলে যাওয়ায় শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসে দলটি।
এ প্রসঙ্গে আনচেলত্তি বলেন, আমরা যদি সমতা ফেরাতে না পারতাম, তাহলে ৬০ থেকে ৬৫ মিনিটের দিকে নেইমারকে নামাতাম। কিন্তু গোল শোধ করার পর ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে চলে আসে। তাই কৌশল পরিবর্তনের প্রয়োজন হয়নি।
চলতি বিশ্বকাপে এটি নেইমারের চতুর্থ আসর। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখন পর্যন্ত মাত্র ১৪ মিনিট মাঠে খেলার সুযোগ পেয়েছেন। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে সেই সময়টুকু খেলেন তিনি।
দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকায় নেইমার পুরোপুরি সন্তুষ্ট নন বলেও ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তবে তিনি জানিয়েছেন, দলের স্বার্থকে সবসময়ই প্রাধান্য দিয়েছেন এই অভিজ্ঞ তারকা এবং পেশাদার মনোভাব বজায় রেখেছেন।
কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সময় আজ রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে নেইমার শুরু থেকেই মাঠে নামবেন, নাকি বেঞ্চ থেকে নামবেন সেই উত্তর মিলবে কিক-অফের আগেই।