Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অর্থায়ন বন্ধ, পূর্ণ সদস্যপদ স্থগিত এবং আইসিসির টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দেওয়ার খবর প্রকাশ করেছে কয়েকটি গণমাধ্যম। তবে এসব খবরকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

জাতীয় ক্রীড়া পরিষদ গত এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়। এরপর থেকেই তিনি নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আসছেন। আইসিসিতে পাঠানো চিঠিতেও তিনি নিজেকে বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেন এবং তাকে আবার বোর্ড সভাপতির দায়িত্বে পুনর্বহাল না করা পর্যন্ত বিসিবির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

শুক্রবার কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত খবর প্রকাশের পর ভিডিও বার্তায় বিষয়টি অস্বীকার করেন বুলবুল। তিনি বলেন, 'একটা খবর দেখলাম যে বেরিয়েছে যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি ঘটেও নি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। এবং এই যে সিন্ডিকেটটা যে কাজটা করছে আমি যখন কাজ করতাম বাংলাদেশে তখন আমাকে প্রত্যেকদিন তারা ডিস্টার্ব করতো। প্রত্যেকটা মিথ্যা কথা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো। কিন্তু তারা সবসময় ব্যর্থ হয়েছে। এবারও ব্যর্থ হবে।'

 তিনি আরও বলেন, 'যখন আমি বাংলাদেশে ছিলাম প্রত্যেকদিন অনেক মিথ্যা কথার মধ্যে একটা মিথ্যা কথা ছিল আমাকে প্রত্যেকদিনই দেশ থেকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিত, বিদেশে পাঠিয়ে দিত। পরবর্তীতে তারা মিথ্যা প্রমাণিত হয়েছিল এবং তাদের মিথ্যা কখনোই প্রতিষ্ঠিত হয়নি। এটাও আরেকটা মিথ্যা। কেননা আইসিসির কাছে আমি কখনো কোনো রিকোয়েস্ট এমন কিছু রিকোয়েস্ট করব না যাতে বাংলাদেশের কোনো ক্ষতি হোক। আর আমার কথা আইসিসি কেন শুনবে? আইসিসির সাথে সেই এক্সেসটা আমার নেই এখন।'

ভিডিও বার্তার শেষ দিকে বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকার কথা জানিয়ে বুলবুল বলেন, 'আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং আশা করি বা আপনাদের এই ভুল ধারণাটা যেন আমরা না ধারণাটা যেন এস্টাবলিশ করি। প্লিজ আপনার বাংলাদেশ ক্রিকেটের সাথে আমরা আছি এবং বিশ্বাস করুন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক। বাংলাদেশ ক্রিকেটের ভালো হোক এটাই আমরা চাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।'